মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে একদম নিখুঁত করে তুলতে বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের কোনো বিকল্প নেই। পরীক্ষার জন্য Madhyamik 2025 Bengali Question Paper with Answer ভালোভাবে খুঁটিয়ে দেখা ভীষণ দরকার। বাংলা প্রশ্নপত্রে ব্যাকরণ, বড় প্রশ্ন থেকে শুরু করে রচনা লেখার সঠিক কাঠামো ও নম্বর বিভাজন বুঝতে গেলে আগের বছরের প্রশ্ন দেখা অত্যন্ত জরুরি। তাই তোমাদের প্রস্তুতির সুবিধার কথা ভেবে এখানে প্রতিটি প্রশ্নের সহজ ও নির্ভুল সমাধান সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হলো।
অনেক সময় সঠিক উত্তর খুঁজে পেতে তোমাদের বিভিন্ন বই বা গাইডের পাতা ওল্টাতে হয়, যাতে অকারণেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তোমাদের সেই মূল্যবান সময় বাঁচাতে এই পোস্টে সম্পূর্ণ সমাধান মাধ্যমিক ২০২৫ বাংলা প্রশ্নপত্র উত্তর সহ নিচে যুক্ত করে দেওয়া হয়েছে, যাতে তোমরা যেকোনো সময় ফোনে বা কম্পিউটারে রিভিশন দিতে পারো। পুরো উত্তরগুলো মন দিয়ে দেখে নাও এবং এখন থেকেই নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখো।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
Madhyamik 2025 Bengali Question Paper with Answer
মাধ্যমিক ২০২৫ বাংলা প্রশ্নপত্র উত্তর সহ ভিডিও
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭
১.১ অনুসর্গ-প্রধান কারক হল–
ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর: (গ) দুই প্রকার
১.২ ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বুলবুলি’র সঙ্গে ‘তে’ যুক্ত হয়ে কী কারক হয়েছে?
ক) অধিকরণ কারক
খ) কর্তৃকারক
গ) কর্মকারক
ঘ) অপাদান কারক
উত্তর: (খ) কর্তৃকারক
১.৩ কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে?
ক) দ্বন্দু সমাসে
খ) কর্মধারয় সমাসে
গ) বহুব্রীহি সমাসে
ঘ) দ্বিগু সমাসে
উত্তর: (ক) দ্বন্দু সমাসে
১.৪ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে–
ক) রূপক কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) উপমান কর্মধারয়
ঘ) সাধারণ কর্মধারয়
উত্তর: (খ) উপমিত কর্মধারয়
১.৫ “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” এভাবে লেখার কারণ কী?
ক) যেন ভূতে পেয়েছে
খ) যেন স্বপ্নে পেয়েছে
গ) যেন নেশায় পেয়েছে
ঘ) এক আনন্দের অনুভূতিতে
উত্তর: (গ) যেন নেশায় পেয়েছে
১.৬ নদেরচাঁদের বয়স হলো–
ক) ত্রিশ বছর
খ) পয়ত্রিশ বছর
গ) চল্লিশ বছর
ঘ) পঁচিশ বছর
উত্তর: (ক) ত্রিশ বছর
১.৭ গিরীশ মহাপাত্রের জামার রং ছিল–
ক) গেরুয়া
খ) নীল
গ) রামধনু
ঘ) লাল
উত্তর: (গ) রামধনু
১.৮ ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল–
ক) অন্ধকার
খ) উদভ্ৰান্ত
গ) শান্ত
ঘ) আন্তরিক
উত্তর: (খ) উদভ্ৰান্ত
১.৯ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে?
ক) যোগ্যতা
খ) আকাঙ্ক্ষা
গ) আসত্তি
ঘ) যোগ্যতাশূন্য
উত্তর: (গ) আসত্তি
১.১০ ‘আবার তোরা মানুষ হ’।’- বাক্যটি
ক) নির্দেশক বাক্য
খ) আবেগসূচক বাক্য
গ) অনুজ্ঞাসূচক বাক্য
ঘ) প্রার্থনাসূচক বাক্য
উত্তর: (গ) অনুজ্ঞাসূচক বাক্য
১.১১ ভাববাচ্যে প্রাধান্য পায়–
ক) কর্তার ভাব
খ) কর্মের ভাব
গ) কর্মকর্তৃবাচ্যের ভাব
ঘ) ক্রিয়ার ভাব
উত্তর: (ঘ) ক্রিয়ার ভাব
১.১২ ‘আমি তোমাকে বইটি দিলাম।’ এটি কোন্ বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্যের
খ) কর্মবাচ্যের
গ) ভাববাচ্যের
ঘ) কর্মকর্তৃবাচ্যের
উত্তর: (ক) কর্তৃবাচ্যের
১.১৩ “বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।”- কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?
ক) তিন দণ্ড
খ) চার দণ্ড
গ) পাঁচ দণ্ড
ঘ) দু’দণ্ড
উত্তর: (খ) চার দণ্ড
১.১৪ রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?
ক) অপরাহে
খ) প্রদোষকালে
গ) প্রভাতে
ঘ) রাত্রে
উত্তর: (গ) প্রভাতে
১.১৫ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল —
ক) এক ডজন
খ) দুই ডজন
গ) তিন ডজন
ঘ) ২৫টি
উত্তর: (খ) দুই ডজন
১.১৬ “প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান” ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?
ক) নল-খাগড়া
খ) বাঁশের কঞ্চি
গ) ব্রোঞ্জের শলাকা
ঘ) হাড়
উত্তর: ঘ) হাড়
১.১৭ কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?
ক) ১৯৩৫ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৪৫ সালে
ঘ) ১৯৪৬ সালে
উত্তর: (খ) ১৯৩৬ সালে
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১= ১৯
২.১ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.১.১ “পরম সুখ কাকে বলে জানেন?” -বক্তা কাকে ‘পরম সুখ’ বলেছেন?
উত্তর: ‘বহুরূপী’ গল্পে বিরাগী হরিদার মতে, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই ‘পরম সুখ’ বলা হয়েছে।
২.১.২ ‘নদীর বিদ্রোহ’ গল্পের লেখকের প্রকৃত নাম কী?
উত্তর: ‘নদীর বিদ্রোহ’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, যাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
২.১.৩ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
উত্তর: অমৃতের মা বলেছিলেন, ইসাবের বাবা নতুন জামা কেনার আগে ইসাবকে খুব মেরেছিলেন; অমৃতও এমন মার খেতে রাজি থাকলে তবেই নতুন জামা পাবে।
২.১.৪ “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।” কোন কথাটার কথা বলা হয়েছে?
উত্তর: তপনের লেখা গল্পটি ছোটোমেসোমশাই ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন—বিকেলের চায়ের টেবিলে সেই কথাই উঠেছিল।
২.১.৫ “তার আমি জামিন হতে পারি।”- বক্তা কার জামিন হতে পারেন?
উত্তর: শরৎচন্দ্রের ‘পথের দাবী’ গল্পে অপূর্ব এই উক্তি করেন। গিরীশ মহাপাত্রের বেশভূষা ও আচরণ দেখে তার মনে হয় ইনি সব্যসাচী নন, তাই সে তার জামিন হতে চায়।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪x১=৪
২.২.১ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে?
উত্তর: জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির কোকিলটি অস্ত্রের বিরুদ্ধে সহস্র উপায়ে গান বেঁধে প্রতিরোধ গড়ে তুলবে।
২.২.২ “বিস্মিত হইল বালা…” -বালা কী দেখে বিস্মিত হয়েছিল?
উত্তর: আলাওলের ‘সিন্ধুতীরে’ কবিতায় সমুদ্রতীরে ভেলায় ভাসমান অচেতন পদ্মাবতীর অপরূপ রূপ দেখে বালা (সমুদ্রকন্যা পদ্মা) বিস্মিত হয়েছিলেন।
২.২.৩ “যথা বৃহন্নলারূপী কিরীটী,” ‘বৃহন্নলারূপী কিরীটী’ কে?
উত্তর: মধুসূদন দত্তের ‘অভিষেক’ কবিতায় ‘বৃহন্নলারূপী কিরীটী’ বলতে ছদ্মবেশধারী অর্জুনকে বোঝানো হয়েছে (কিরীটী অর্জুনের অপর নাম)।
২.২.৪ “সব চূর্ণ হয়ে গেল,”- কী চূর্ণ হয়ে গেল?
উত্তর: শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় যুদ্ধের আঘাতে কবির প্রিয় বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, জলতরঙ্গ, চিমনি— এসব প্রিয় জিনিস সব চূর্ণ হয়ে গিয়েছিল।
২.২.৫ “অশুভ ধ্বনিতে ঘোষণা করল” কারা, কী ঘোষণা করলো?
উত্তর: রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতায় গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশুরা অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩
২.৩.১ ‘ক্যালিগ্রাফিস্ট’ কাদের বলে?
উত্তর: যাঁরা সুন্দর ও শিল্পসম্মতভাবে হস্তলিখনে দক্ষ, সেইসব ওস্তাদ লিপিকর বা লিপিকুশলীদের ‘ক্যালিগ্রাফিস্ট’ বলা হয়।
২.৩.২ পরিভাষার উদ্দেশ্য কী?4
উত্তর: কোনো বিশেষ বিষয়ের নির্দিষ্ট ধারণা বা অর্থকে সংক্ষেপে ও সঠিকভাবে প্রকাশ করাই পরিভাষার উদ্দেশ্য।
২.৩.৩ “বাস, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।”-বক্তা ‘ভ্যাবাচ্যাকা খেয়ে’ গেলেন কেন?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের এক দোকানে ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানদার ‘কী কলম’ জানতে চাওয়ায় তিনি হতভম্ব বা ভ্যাবাচ্যাকা খেয়ে যান।
২.৩.৪ “তাতে অনেকে মুশকিলে পড়েছেন,” কিসে ‘মুশকিলে’ পড়ার কথা বলা হয়েছে?
উত্তর: রাজকার্যে দুরূহ দেশি পরিভাষা প্রচলনের ফলে সরকারি কাজকর্মে অনেকে সমস্যায় পড়েছিলেন বলে বলা হয়েছে।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১= ৮
২.৪.১ ‘কদাকার’ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
উত্তর: কদাকার = কু আকার যার— বহুব্রীহি সমাস।
২.৪.২ ‘আমি ছিলাম কালিকলমের ভক্ত।’- বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো।
উত্তর: ‘আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না?
২.৪.৩ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী?
উত্তর: কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত হলো কর্তাকে গৌণ করে ক্রিয়ার ভাবকেই প্রধান করে তোলা।
২.৪.৪ ‘প্রত্যেককে’ ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।
উত্তর: ‘প্রত্যেককে’= একে একে— অব্যয়ীভাব সমাস।
২.৪.৫ অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও।
উত্তর: অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ— ট্রেনটি ঢাকা ছাড়ল।
২.৪.৬ উক্ত কর্তা কাকে বলে?
উত্তর: কর্তৃবাচ্যের কর্তাকে “উক্ত কর্তা” বলে।
২.৪.৭ ব্যাসবাক্য কাকে বলে?
উত্তর: সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে যে বাক্যাংশে তার অর্থ প্রকাশ করা হয়, তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।
২.৪.৮ একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও।
উত্তর: যদি বৃষ্টি হয়, তবে অনেকেই আসবে না, কিন্তু আমি যাবই।
২.৪.৯ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও।
উত্তর: অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ– সে কলম দিয়ে লিখছে।
২.৪.১০ ‘যুক্তির পথে হাঁটো’ ভাববাচ্যে রূপান্তর করো।
উত্তর: ‘যুক্তির পথে হাঁটো’-র ভাববাচ্যে রূপান্তর— ‘যুক্তির পথে হাঁটা হোক।’
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩+৩ =৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৩=৩
৩.১.১ “এতে দুজনেরই ভয় কেটে গেল,”- দু’জন কে কে? কীভাবে তাদের ভয় কেটে গেল?
উত্তর: পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে এখানে ‘দুজন’ হল অমৃত ও ইসাব।
হোলির দিনে খেলাধুলার সময় ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় দুজনেই ভয় পেয়েছিল। অমৃতের মা ছেঁড়া জামা দেখে প্রথমে ভুরু কুঁচকালেও হোলির দিন বলে অমৃতকে ক্ষমা করেন এবং জামাটি সেলাই করে দেন। ফলে দুজনেরই ভয় কেটে যায়।
৩.১.২ “তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।” -‘তখন’ বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? বক্তা ‘আহ্লাদে কাঁদো কাঁদো’ কেন?
উত্তর: আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের মেসো যখন তাঁর লেখা গল্পটি ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপানোর জন্য সামান্য সংশোধন করার কথা বলেন, তখন তপন প্রথমে সেটিকে মজা মনে করেছিল। পরে মেসোর মুখে করুণার ছাপ দেখে বুঝতে পারে যে কথাটি সত্যি। তখন নিজের লেখা গল্প ছাপা হবে ভেবে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৩=৩
৩.২.১ “এ অদ্ভুত বারতা, জননি কোথায় পাইলে তুমি,” – ‘জননি’ কে? তাঁর কোন্ বার্তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে?
উত্তর: মধুসূদন দত্তের ‘অভিষেক’ কাব্যাংশে ‘জননী’ বলতে ইন্দ্রজিতের ধাত্রীমাতাকে বোঝানো হয়েছে।
মেঘনাদ তাঁর কাছে রামচন্দ্রের মৃত্যুসংবাদ শুনে বিস্মিত হয়ে এই কথা বলে। রামচন্দ্রের মৃত্যুর সংবাদকেই সে অদ্ভুত বার্তা বলেছে।
৩.২.২ “পৃথিবী হয়তো গেছে মরে”- কোন্ কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো।
উত্তর: উদ্ধৃতিটি কবি শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা থেকে নেওয়া।
যুদ্ধ, হিংসা, ধ্বংস ও মানুষের অসহায় অবস্থায় পৃথিবীর স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে। মানুষের ঘরবাড়ি, স্বপ্ন ও নিরাপত্তা ধ্বংস হয়েছে। তাই কবি আশঙ্কা করেছেন, মানবতা ও স্বাভাবিক জীবন হারিয়ে পৃথিবী যেন মৃত হয়ে গেছে।
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ “নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে।”- নদের-চাঁদ কী কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পের নদেরচাঁদের নদীর প্রতি গভীর ভালোবাসার একটি কারণ ছিল। তার দেশের বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। গ্রীষ্মকালে নদীটি শুকিয়ে গেলে নদেরচাঁদের মনে হতো, যেন তার কোনো আপনজন অসুস্থ হয়ে পড়েছে। সেই থেকেই নদীর প্রতি তার এক বিশেষ মমতা জন্মেছিল। কর্মসূত্রে দূরে থাকলেও সে নদীটির কথা ভুলতে পারেনি।
বর্ষার জলে নদী যখন ফুলে-ফেঁপে প্রবল বেগে বয়ে চলল, তখন নদেরচাঁদ নদীর সেই উন্মত্ত রূপে মুগ্ধ হয়ে গেল। কিন্তু নদীর প্রবল স্রোত দেখে তার মনে হলো, মানুষের তৈরি বাঁধ ও সেতু ভেঙে নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পেতে চাইছে। সে বুঝতে পারল, নদীর এই বিদ্রোহকে অবহেলা করা উচিত নয়।
কিন্তু নদীর প্রতি অতিরিক্ত আকর্ষণই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে ব্রিজের ওপর পিষে দিয়ে চলে যায়। নদীকে ভালোবাসার এই পরিণতি অত্যন্ত মর্মান্তিক।
৪.২ “পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল।”- কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও।
উত্তর: পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে অমৃত ও ইসাবের গভীর বন্ধুত্বের কথা বলা হয়েছে, যা ইসাবের বাবা পাঠানের মুখ থেকে পাড়াপড়শিরা শোনেন।
তারা একই স্কুলে একই শ্রেণিতে পড়ত এবং পাশাপাশি বাড়িতে থাকত। তাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর। এমন দুই অভিন্নহৃদয় বন্ধু হোলির দিন একরকম নতুন জামা পরে বেরোলে দুষ্টু ছেলে কালিয়ার চক্রান্তে ধস্তাধস্তিতে ইসাবের জামা ছিঁড়ে যায়। বাড়িতে গেলে ইসাবের বাবা তাকে মারবেন—এই ভয়ে ইসাব চিন্তিত হয়ে পড়ে। বন্ধুকে বাঁচাতে অমৃত নিজের অক্ষত জামাটি ইসাবকে দিয়ে দেয় এবং নিজে ছেঁড়া জামাটি পরে বাড়ি ফেরে। অমৃতের মা ছেঁড়া জামা দেখে প্রথমে রাগ করলেও পরে তাকে ক্ষমা করেন এবং জামাটি সেলাই করে দেন।
এই ঘটনায় অমৃতের ত্যাগ, সহানুভূতি ও বন্ধুর জন্য বিপদ গ্রহণের মানসিকতা প্রকাশ পায়। ইসাবও অমৃতের প্রতি একইরকম আন্তরিক ভালোবাসা পোষণ করত। এই আত্মত্যাগেই দুই বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত পরিচয় ফুটে ওঠে।
৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৫.১ “নমি পুত্র পিতার চরণে, করযোড়ে কহিলা”-পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা-পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো।
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ কাব্যাংশে ‘পিতা’ হলেন রাবণ এবং ‘পুত্র’ হলেন বীরবাহুর ভ্রাতা ইন্দ্রজিৎ বা মেঘনাদ।
ভাই বীরবাহুর মৃত্যুসংবাদে উত্তেজিত ইন্দ্রজিৎ প্রমোদকানন ত্যাগ করে পিতার কাছে আসেন এবং প্রণাম করে রামচন্দ্রের পুনর্জীবনের কারণ জানতে চান। তীব্র ক্রোধে তিনি রামকে সমূলে বিনাশ করার অনুমতি চান— শরানলে ভস্ম করা বা বায়ু-অস্ত্রে উড়িয়ে দেওয়ার, অথবা বেঁধে এনে রাজদরবারে হাজির করার প্রতিজ্ঞা করেন। পুত্রের এই বীরত্ব দেখে রাবণ তাঁকে ‘রাক্ষসকুল-শেখর’ বলে সম্বোধন করলেও গভীর বিষাদে জানান, বারবার তাঁকে যুদ্ধে পাঠাতে তাঁর ভয় হয়; নিয়তি নিষ্ঠুর বলেই রামের পুনর্জীবন সম্ভব হয়েছে। এই কথোপকথনে ইন্দ্রজিতের বীরত্ব ও রাবণের পিতৃস্নেহ-কাতর অসহায়তা— উভয়েরই প্রতিফলন ঘটে।
৫.২ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।”কাকে একথা বলা হয়েছে? কীভাবে তার ‘অপমানিত ইতিহাসে’ চিরচিহ্ন দিয়ে গেল?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় এই কথাটি আফ্রিকাকে উদ্দেশ করে বলা হয়েছে।
একসময় দুর্গম ও অরণ্যাবৃত আফ্রিকা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। পরে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি আফ্রিকায় প্রবেশ করে তার সম্পদ লুণ্ঠন এবং অধিবাসীদের ওপর নির্মম অত্যাচার চালায়।
তথাকথিত সভ্য ইউরোপীয়রা আফ্রিকার মানুষকে দাসে পরিণত করে, তাদের ওপর শোষণ ও নির্যাতন চালায়। তাদের রক্ত, কান্না ও অপমান আফ্রিকার মাটিকে কলঙ্কিত করে। সভ্যতার মুখোশধারী এই ঔপনিবেশিক শক্তির লোভ বর্বরতার রূপ নিয়ে আফ্রিকার মানুষকে রক্তাক্ত করেছিল, তাদের রক্ত ও অশ্রুতে কাদাময় হয়েছিল মাটি। সাম্রাজ্যবাদীদের অত্যাচারের চিহ্ন আফ্রিকার ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায়। কবি তাই তাদের লোভ, বর্বরতা ও নিষ্ঠুরতার জন্য আফ্রিকার ‘অপমানিত ইতিহাসে’ সেই চিরচিহ্নের কথা বলেছেন। এর মাধ্যমে কবি সাম্রাজ্যবাদী সভ্যতার ভণ্ডামির তীব্র প্রতিবাদ করেছেন।
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।” -বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো।
উত্তর: শ্রীপান্থের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে বক্তা প্রথম ফাউন্টেন পেন কিনতে কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে গিয়েছিলেন।
ঘটনাটি দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর পরের। দোকানে গিয়ে তিনি ফাউন্টেন পেন চাইলে দোকানদার তাঁকে জিজ্ঞাসা করেন, কোন কোম্পানির কলম চান। দোকানদার একে একে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট প্রভৃতি নানা কলমের নাম ও দাম বলতে থাকেন। এত ধরনের কলমের কথা শুনে লেখক ভ্যাবাচ্যাকা খেয়ে যান।
দোকানদার তাঁর পকেটের অবস্থা বুঝে একটি সস্তা পাইলট কলম নেওয়ার পরামর্শ দেন। সেটি জাপানি কলম হলেও বেশ ভালো বলে জানান। এরপর দোকানদার কলমটি পরীক্ষা করে দেখান। কলমটির নিব ঠিক আছে কি না দেখানোর জন্য তিনি সেটি দোকানের কাঠের বোর্ডের দিকে এমনভাবে ছুড়ে দেন, যেন সার্কাসের খেলোয়াড় ছুরি ছুড়ে মারছে। পরে কলমটি তুলে নিয়ে লেখককে দিয়ে লেখাও দেখান। ঘটনাটি লেখকের মনে চিরস্মরণীয় হয়ে থাকে।
৬.২ “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।” – কোন্ দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন?
উত্তর: রাজশেখর বসুর ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে এখানে আড়ষ্ট ভাষা ও ইংরেজির আক্ষরিক অনুবাদের দোষের কথা বলা হয়েছে। অনেক লেখক প্রথমে ইংরেজিতে বিষয়টি ভাবেন এবং পরে শব্দে-শব্দে বাংলায় অনুবাদ করেন। ফলে ভাষা স্বাভাবিক ও সাবলীল না হয়ে কৃত্রিম ও দুর্বোধ্য হয়ে ওঠে।
এই দোষ থেকে মুক্তির জন্য লেখক মনে করেন, ইংরেজি বাক্যের আক্ষরিক অনুবাদ না করে ভাবটিকে সহজ, স্বাভাবিক ও যথাযথ বাংলায় প্রকাশ করতে হবে। বাংলা ভাষার নিজস্ব রীতি ও প্রকাশভঙ্গি বজায় রাখতে হবে। প্রয়োজনে পারিভাষিক শব্দ ব্যবহার করতে হবে, তবে তার অর্থ পাঠকের কাছে স্পষ্ট করে দিতে হবে। যেমন, ‘পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি’ না লিখে ‘পরমাণু এঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি’ বলা উচিত। এতে বিজ্ঞানবিষয়ক রচনা যেমন নির্ভুল হবে, তেমনই সহজবোধ্য ও সাবলীলও হবে।
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪
৭.১ “তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।” -কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কী ‘সামান্য পরিচয়’ দিয়ে রাখলেন?
উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা ওয়াটসকে উদ্দেশ করে এই কথা বলেছেন।
ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের অবনতির সময় ওয়াটসের লেখা একটি চিঠি মুন্সিজি পড়ে শোনান। সেই চিঠিতে বলা হয়েছিল, নবাবের ওপর নির্ভর করা অসম্ভব এবং চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। এই চিঠি থেকে সিরাজ বুঝতে পারেন যে ওয়াটস ও ইংরেজরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সিরাজ তখন ওয়াটসকে তাঁর অভদ্রতা, ঔদ্ধত্য ও বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরও জানান যে তাঁর নিজের সভাসদ ও স্বদেশীয়দের মধ্যেও অনেকে তাঁকে নির্বোধ, অত্যাচারী ও বিলাসী বলে অপবাদ দেয়। কিন্তু তিনি তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত। এই ষড়যন্ত্রের সামান্য প্রমাণ হিসেবে ওয়াটসের লেখা চিঠিটি প্রকাশ করেই সিরাজ বলেন—“তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম।”
৭.২ “আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে,..”আপনাদের’ বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কী ‘ভিক্ষা’ চেয়েছেন?
উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে ‘আপনাদের’ বলতে সিরাজদ্দৌলা তাঁর বিরোধী সভাসদ ও অভিজাতদের—বিশেষত মীরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখকে বুঝিয়েছেন।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতিতে ক্রমশ প্রভাব বিস্তার করছিল। দেশের ভিতরেও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল। সিরাজ বুঝেছিলেন যে এই অভ্যন্তরীণ বিভেদ বাংলার স্বাধীনতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
তাই তিনি নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের কাছে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। তিনি তাঁদের কাছে এই ‘ভিক্ষা’ চান যে, বাংলার এই সংকটের সময় তাঁরা যেন তাঁকে ত্যাগ না করেন এবং দেশের স্বার্থে তাঁর পাশে থাকেন। সিরাজের এই বক্তব্যে তাঁর দেশপ্রেম, অসহায়তা ও ঐক্যের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২x৫=১০
৮.১ ‘বারুণী’ কী? বারুণী উপলক্ষে গঙ্গাতীরের যে দৃশ্য ‘কোনি’ উপন্যাসে ফুটে উঠেছে, তা লেখো।
উত্তর: মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে বারুণী উপলক্ষে গঙ্গাতীরের একটি জীবন্ত চিত্র ফুটে উঠেছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রের যোগে অনুষ্ঠিত গঙ্গাস্নান ও পূজার বিশেষ তিথিই বারুণী।
বারুণীর দিনে গঙ্গার ঘাটে বহু মানুষের সমাগম হয়েছিল। ভক্তরা গঙ্গায় স্নান করে পূজা দিচ্ছিল। গঙ্গাকে নিবেদন করা কাঁচা আম জলে ভাসছিল এবং একদল ছেলে-মেয়ে সেই আম কুড়োচ্ছিল। ভাটার টানে জল দূরে সরে যাওয়ায় কাদামাখা পায়ে স্নান সেরে ফেরা মানুষের মুখে বিরক্তির ছাপ।
ঘাটের কাছে বামুনেরা বসে স্নানার্থীদের তেল দিচ্ছিল, জামাকাপড় রাখছিল এবং দক্ষিণার বিনিময়ে কপালে চন্দনের ছাপ এঁকে দিচ্ছিল। নানা রকম দোকান, ছোটো ছোটো মন্দির ও ভিখারিদের ভিড়েও গঙ্গাতীর মুখর হয়ে উঠেছিল।
এই জনসমাগমের মধ্যেই বিষ্টুচরণ ধর ছেঁড়া মাদুরে শুয়ে মালিশ করাচ্ছিলেন। তাঁর বিচিত্র আচরণ ও ক্ষিতীশ সিংহের ব্যঙ্গাত্মক মন্তব্য দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
৮.২ “গাছে অনেকদূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারব না।” -বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও।
উত্তর: মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে এই উক্তির বক্তা হলেন বিষ্টুচরণ ধর। তিনি জুপিটার ক্লাবের সঙ্গে যুক্ত এবং যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি।
বিষ্টুচরণ নিজের সামাজিক ও আর্থিক অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন। তিনি বুঝেছিলেন যে জীবনে তিনি যে উচ্চ অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সাহায্য রয়েছে। ‘গাছে অনেকদূর উঠে গেছি’ কথার মাধ্যমে তিনি তাঁর অর্জিত উচ্চ অবস্থানকে বোঝাতে চেয়েছেন। আর ‘মই কেড়ে নিলে নামতে পারব না’ কথার অর্থ, যে সুযোগ বা আশ্রয়ের সাহায্যে তিনি এতদূর উঠেছেন, সেটি হারিয়ে গেলে তাঁর পক্ষে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে না।
অর্থাৎ, তাঁর এই বক্তব্যের মধ্যে নিজের প্রতিষ্ঠা হারানোর ভয় এবং নির্ভরশীলতার অনুভূতি প্রকাশ পেয়েছে।
৮.৩ কোনি’ উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো।
উত্তর: মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতীশ সিংহ, যিনি সাঁতারের প্রশিক্ষক হিসেবে ‘ক্ষিদ্দা’ নামে পরিচিত। ক্ষিতীশ সিংহ নিঃসন্তান,পঞ্চান্ন (৫৫) বছরের একজন সাঁতারের প্রশিক্ষক ।দীর্ঘ ৩৫ বছর তিনি জুপিটার সুইমিং ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। ক্লাবের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও দলাদলির কারণে তাঁকে সেখান থেকে সরে যেতে হলেও তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি।
গঙ্গার ঘাটে তিনি দরিদ্র পরিবারের মেয়ে কোনির মধ্যে অসাধারণ সাঁতারু হওয়ার সম্ভাবনা দেখতে পান। দারিদ্র্য ও সামাজিক অবহেলার কথা চিন্তা না করে তিনি কোনিকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। কোনির খাদ্য, অনুশীলন ও প্রয়োজনীয় সুযোগের ব্যাপারেও তিনি সাহায্য করেন।
ক্ষিতীশ ছিলেন কঠোর, শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়চেতা প্রশিক্ষক। প্রয়োজনে তিনি কোনিকে বকেছেন, আবার কঠিন সময়ে সাহসও জুগিয়েছেন। তাঁর মূল লক্ষ্য ছিল শিষ্যের প্রতিভাকে বিকশিত করা। নিজের স্বার্থের চেয়ে কোনির সাফল্য তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
কোনির সাফল্যের পেছনে ক্ষিতীশের অধ্যবসায়, ত্যাগ, স্নেহ, আত্মবিশ্বাস ও প্রশিক্ষণদানের দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ক্ষিতীশ শুধু একজন প্রশিক্ষক নন, তিনি কোনির জীবনের প্রকৃত পথপ্রদর্শক।
৯. চলিত বাংলায় অনুবাদ করো : ৪
Work is another name of life. Idle persons have no place on earth. Wastage of time means wastage of life. If you want to be happy, you have to do your duties regularly.
উত্তর: কাজই জীবনের অপর নাম। অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। তুমি যদি সুখী হতে চাও, তবে তোমাকে নিয়মিত নিজের কর্তব্য পালন করতে হবে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ ‘জলের অপচয় রোধে সচেতনতা শিবির’-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর: জলের অপচয় রোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ আগস্ট ২০২৬ :
গত ১৯ আগস্ট আমাদের বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে ‘জলের অপচয় রোধে সচেতনতা শিবির’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, জলই জীবনের প্রধান ভিত্তি। কিন্তু অযথা কল খোলা রাখা, অতিরিক্ত জল ব্যবহার এবং জলাশয় দূষণের ফলে ভবিষ্যতে তীব্র জলসংকট দেখা দিতে পারে। শিবিরে ছাত্রছাত্রীরা পোস্টার, দেওয়াল লিখন ও ছোট নাটিকার মাধ্যমে জল সংরক্ষণের বার্তা তুলে ধরে। বাড়িতে ও বিদ্যালয়ে প্রয়োজনমতো জল ব্যবহার, কলের ফুটো মেরামত, বৃষ্টির জল সংরক্ষণ এবং জলাশয় পরিষ্কার রাখার বিষয়ে সকলকে সচেতন করা হয়। শেষে উপস্থিত সকলে জলের অপচয় না করার এবং অন্যদেরও সচেতন করার শপথ নেন। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
১০.২ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
উত্তর:
রাহুল: কী রে, বাজার থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি?
সুমন: আর বলিস না! বাজারে গিয়ে মনে হলো, সব জিনিসের দাম যেন আগুন।
রাহুল: সত্যিই তো। চাল, ডাল, তেল, সবজি—প্রায় সবকিছুর দামই বেড়েছে।
সুমন: শুধু তাই নয়, রান্নার গ্যাস, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে।
রাহুল: এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ ও নিম্নবিত্ত মানুষ।
সুমন: ঠিক বলেছিস। আয় একই থাকলেও সংসারের খরচ প্রতিদিন বাড়ছে।
রাহুল: কিন্তু দ্রব্যমূল্য এত বাড়ছে কেন?
সুমন: উৎপাদন ও পরিবহণের খরচ বৃদ্ধি, বাজারে জোগানের ঘাটতি এবং অসাধু মজুতদারি এর অন্যতম কারণ।
রাহুল: তাহলে সরকারের উচিত বাজারে নিয়মিত নজরদারি করা।
সুমন: হ্যাঁ, মজুতদারি ও কালোবাজারি বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রাহুল: আর আমাদেরও অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পরিকল্পনা করে বাজার করা উচিত।
সুমন: ঠিক বলেছিস। সরকার ও সাধারণ মানুষ একসঙ্গে সচেতন হলেই এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
১১.১ সময়ের মূল্য
উত্তর:
ভূমিকা: সময় অমূল্য সম্পদ। পৃথিবীর সমস্ত সম্পদ হারিয়ে গেলে পরিশ্রমের মাধ্যমে তা আবার অর্জন করা যায়, কিন্তু একবার যে সময় চলে যায়, তাকে কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। তাই মানুষের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।
সময়ের বৈশিষ্ট্য: সময় কারও জন্য অপেক্ষা করে না। ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত—সকলের জন্য প্রতিদিন সমান চব্বিশ ঘণ্টা সময় বরাদ্দ থাকে। পার্থক্য শুধু এই যে, কেউ সময়কে সঠিকভাবে কাজে লাগায়, আবার কেউ অলসতায় তা নষ্ট করে। নদীর স্রোতের মতো সময়ও অবিরাম বয়ে চলে।
জীবনে সময়ের গুরুত্ব: ছাত্রজীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। নির্দিষ্ট সময়ে পড়াশোনা, খেলাধুলা, বিশ্রাম ও অন্যান্য কাজ করলে জীবন নিয়মশৃঙ্খল হয়। যে ছাত্র আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে—শিক্ষা, কর্মজীবন, ব্যবসা কিংবা ব্যক্তিগত উন্নতি—সময়ের সদ্ব্যবহার সাফল্যের অন্যতম চাবিকাঠি।
সময়ের অপচয়ের কুফল: অলসতা, অকারণ আড্ডা, অতিরিক্ত মোবাইল ব্যবহার, উদ্দেশ্যহীন বিনোদন প্রভৃতি সময় নষ্ট করে। সময় নষ্ট করার অভ্যাস মানুষকে কর্মবিমুখ করে তোলে। পরে অনুশোচনা করলেও হারানো সময় আর ফিরে পাওয়া যায় না। তাই সময়ের অপচয় আসলে জীবনেরই অপচয়।
সময়ের সদ্ব্যবহার: সময়ের সদ্ব্যবহার করতে হলে দৈনন্দিন কাজের একটি পরিকল্পনা করা দরকার। গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করতে হবে এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা চলবে না। সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মিত পরিশ্রম করলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব।
উপসংহার: সময়ই জীবন। তাই সময়কে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে—“সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।” সময়কে যে মূল্য দেয়, সাফল্য শেষ পর্যন্ত তারই হাতে ধরা দেয়।
১১.২ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
উত্তর:
ভূমিকা: আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান। বিজ্ঞান আজ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রবেশ করেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজ্ঞানের অসংখ্য আবিষ্কার ব্যবহার করি।
সকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞানের ব্যবহার: সকালে ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ঘড়ি বা মোবাইল ব্যবহার করি। বিদ্যুতের সাহায্যে আলো, পাখা, ফ্রিজ, টেলিভিশন ও অন্যান্য যন্ত্র চলে। রান্নাঘরে গ্যাসের চুলা, প্রেসার কুকার, মিক্সার প্রভৃতি আমাদের কাজ সহজ করে দিয়েছে।
যোগাযোগ ও যাতায়াত: মোবাইল ফোন, ইন্টারনেট ও কম্পিউটার যোগাযোগব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে কথা বলা যায়। বাস, ট্রেন, বিমান, জাহাজ ইত্যাদি দ্রুত যাতায়াতের সুযোগ করে দিয়েছে।
চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান: চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে বহু কঠিন রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, আধুনিক অস্ত্রোপচার ও জীবনরক্ষাকারী ওষুধ মানুষের জীবন রক্ষা করছে। টিকা ও প্রতিষেধকের মাধ্যমে বহু রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
কৃষি ও শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান: আধুনিক কৃষিযন্ত্র, সেচব্যবস্থা ও উন্নত প্রযুক্তি কৃষিকাজকে সহজ করেছে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার, স্মার্টফোন, অনলাইন শিক্ষা ও ডিজিটাল গ্রন্থাগার জ্ঞানের পরিধি বাড়িয়েছে।
বিজ্ঞানের অপব্যবহার: বিজ্ঞানের যেমন সুফল আছে, তেমনই অপব্যবহারও রয়েছে। পারমাণবিক অস্ত্র, দূষণ, অতিরিক্ত যন্ত্রনির্ভরতা ও সাইবার অপরাধ মানবসভ্যতার জন্য বিপজ্জনক। তাই বিজ্ঞানকে মানবকল্যাণে ব্যবহার করতে হবে।
উপসংহার: বিজ্ঞান মানুষের জীবনকে আরামদায়ক, দ্রুত ও উন্নত করেছে। তবে বিজ্ঞানের সঠিক ব্যবহারই আমাদের লক্ষ্য হওয়া উচিত। মানুষের কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগাতে পারলেই তার প্রকৃত সার্থকতা।
১১.৩ চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা
উত্তর:
ভূমিকা: শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; একজন সৎ, আত্মনির্ভর ও দায়িত্বশীল মানুষ তৈরি করাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা হয়, “সুস্থ দেহে সুস্থ মন।”
শারীরিক উপকারিতা: নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অলসতা দূর হয় এবং কর্মক্ষমতা বাড়ে। খেলাধুলার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক বিকাশ সুষ্ঠুভাবে ঘটে।
মানসিক বিকাশ: খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে এবং মানসিক চাপ কমায়। খেলায় জয়-পরাজয় দুটিই মেনে নেওয়ার শিক্ষা পাওয়া যায়। ফলে হতাশা কাটিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়।
শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা: খেলাধুলায় নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। সময়মতো অনুশীলন, প্রশিক্ষকের নির্দেশ পালন এবং দলের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখা—এসব অভ্যাস মানুষের চরিত্রকে দৃঢ় করে।
সহযোগিতা ও নেতৃত্ব: দলগত খেলায় একে অপরকে সাহায্য করতে হয়। এর ফলে সহযোগিতা, বন্ধুত্ব, সহমর্মিতা ও দলগত চেতনা গড়ে ওঠে। একজন খেলোয়াড় ধীরে ধীরে নেতৃত্ব দেওয়া এবং দায়িত্ব গ্রহণের গুণও অর্জন করে।
নৈতিক শিক্ষা: খেলাধুলা মানুষকে ন্যায়পরায়ণতা ও প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্মান দেখাতে শেখায়। জয়লাভের জন্য অন্যায় পথ অবলম্বন না করে নিয়ম মেনে প্রতিযোগিতা করার শিক্ষা চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখে।
উপসংহার: শুধু বই পড়ে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মন ও চরিত্রকে সুন্দর করে। তাই বিদ্যালয় ও সমাজে খেলাধুলার যথেষ্ট সুযোগ সৃষ্টি করা উচিত।
১১.৪ বনসংরক্ষণ
উত্তর:
ভূমিকা: বন প্রকৃতির অমূল্য সম্পদ। বন শুধু গাছের সমষ্টি নয়; অসংখ্য প্রাণী, পাখি ও কীটপতঙ্গের আশ্রয়স্থল। মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা অপরিসীম। তাই বন সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।
বনের গুরুত্ব: গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। বন বায়ুদূষণ কমাতে সাহায্য করে। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে মাটিক্ষয় ও ভূমিধস কমে। বন বৃষ্টিপাত ও জলচক্রের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জীববৈচিত্র্য রক্ষা: বন বহু বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল। নির্বিচারে বন ধ্বংস হলে তাদের বাসস্থান নষ্ট হয় এবং বহু প্রজাতি বিলুপ্তির পথে চলে যায়। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য বন সংরক্ষণ অপরিহার্য।
বন ধ্বংসের কারণ:জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, শিল্প স্থাপন, অবৈধ বৃক্ষচ্ছেদন, রাস্তা নির্মাণ এবং অতিরিক্ত কৃষিজমির সম্প্রসারণের কারণে বনভূমি কমছে। বন ধ্বংসের ফলে উষ্ণায়ন, অনিয়মিত বৃষ্টিপাত, মাটিক্ষয় ও পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে।
বন সংরক্ষণের উপায়: বেআইনি বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে। ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে এবং নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরোনো গাছ রক্ষা করতে হবে। বনাঞ্চলে আগুন প্রতিরোধ, সামাজিক বনসৃজন, বনসম্পদ ব্যবহারে নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিদ্যালয় স্তর থেকেই বন ও পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়া উচিত।
উপসংহার: বন বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে মানুষও বাঁচবে। তাই শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে। “একটি গাছ একটি প্রাণ”—এই চেতনা নিয়ে আমাদের বন রক্ষার অঙ্গীকার করতে হবে।
