আজকের এই আর্টিকেলে আমরা নিয়ে এসেছি Madhyamik Bengali Question Paper 2026 With Answer। বাংলা পরীক্ষার এমসিকিউ (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), ব্যাকরণ, তিন ও পাঁচ নম্বরের বড় প্রশ্ন থেকে শুরু করে বঙ্গানুবাদ এবং প্রবন্ধ রচনা—প্রতিটি অংশের নিখুঁত ও সহজবোধ্য সমাধান এখানে তুলে ধরা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বিগত বছরের প্রশ্ন ও তার সমাধান দেখা অত্যন্ত জরুরি। এই মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬ সম্পূর্ণ সমাধান ভালোভাবে খুঁটিয়ে দেখলে বোর্ডের প্রশ্নের প্যাটার্ন, নম্বর বিভাজন এবং ঠিক কতটা গুছিয়ে লিখলে পরীক্ষায় পুরো নম্বর তোলা যায়, সে বিষয়ে একদম পরিষ্কার ধারণা পাবে। নীচে প্রতিটি বিভাগের প্রশ্ন ও তার সঠিক সমাধান সাজিয়ে দেওয়া হলো, যাতে তোমাদের পড়ার সময় কোনো প্রশ্নের উত্তর খুঁজতেই সময় নষ্ট না হয়।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬
Madhyamik Bengali Question Paper 2026 With Solution Video
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭
১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” — কোন ছদ্মবেশে?
(ক) পুলিশ
(খ) পাগল
(গ) বাইজি
(ঘ) বৈরাগী
উত্তর : (গ) বাইজি
১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ।” — ‘ধর্মভীরু’ মানুষটি কে?
(ক) রামদাস
(খ) গিরীশ মহাপাত্র
(গ) জগদীশবাবু
(ঘ) নিমাইবাবু
উত্তর : (খ) গিরীশ মহাপাত্র
১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন?
(ক) এগারোজনকে
(খ) চৌদ্দজনকে
(গ) কুড়িবজনকে
(ঘ) একুশজনকে
উত্তর : (ঘ) একুশজনকে
১.৪ “আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে ___________”
(ক) সমুদ্র
(খ) গিরিখাদ
(গ) পর্বত
(ঘ) জনপদ
উত্তর : (খ) গিরিখাদ
১.৫ ‘প্রলয়োল্লাস’ কবিতার উৎসগ্রন্থ _______
(ক) অগ্নিবীণা
(খ) সাম্যবাদী
(গ) প্রলয়শিখা
(ঘ) সর্বহারা
উত্তর : (ক) অগ্নিবীণা
১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?
(ক) গঙ্গা তীরে
(খ) যমুনা তীরে
(গ) সিন্ধু তীরে
(ঘ) সরযূ তীরে
উত্তর : (গ) সিন্ধু তীরে
১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।” — কী কম থাকলে ভালো হয়?
(ক) ছন্দ
(খ) অলংকার
(গ) পরিভাষা
(ঘ) আভিধানিক অর্থ
উত্তর : (খ) অলংকার
১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র __________________”
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) সুকুমার রায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর : (ঘ) সত্যজিৎ রায়
১.৯ পরিভাষার উদ্দেশ্য হল—-
(ক) কোনো বিষয়কে বর্ণনা করা
(খ) অর্থ সুনির্দিষ্ট করা
(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
(ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া
উত্তর : (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশ হল —–
(ক) অপাদান কারক
(খ) সম্বন্ধ পদ
(গ) কর্তৃকারক
(ঘ) কর্মকারক
উত্তর : (ক) অপাদান কারক
১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে ——
(ক) উহ্য কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) প্রযোজক কর্তা
উত্তর : (গ) সমধাতুজ কর্তা
১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম ——–
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) দ্বিগু সমাস
(গ) অলোপ সমাস
(ঘ) নিত্য সমাস
উত্তর : (ঘ) নিত্য সমাস
১.১৩ ‘ক্ষণস্থায়ী’ — পদটির সমাস হল ——
(ক) করণ তৎপুরুষ
(খ) নিমিত্ত তৎপুরুষ
(গ) ব্যাপ্তি তৎপুরুষ
(ঘ) অপাদান তৎপুরুষ
উত্তর : (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে—–
(ক) জটিল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) নির্দেশক বাক্য
উত্তর : (খ) যৌগিক বাক্য
১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হল —–
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তর : (ক) সরল বাক্য
১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে—–
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর : (খ) কর্মবাচ্য
১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব।’ — এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) ভাববাচ্য
উত্তর : (ক) কর্তৃবাচ্য
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯
২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.১.১ “কী আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ।” — ভবতোষের চমকে ওঠার কারণ কী?
উত্তর: হরিদার বাড়িতে গিয়ে তাঁর পোশাক-পরিচ্ছদ দেখে ভবতোষ ও তাঁর সঙ্গীরা বুঝতে পারে যে, হরিদাই আসলে বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন। এই সত্য জানতে পেরেই ভবতোষ চমকে ওঠে।
২.১.২ অমৃতের বয়স কত?
উত্তর: পান্নালাল প্যাটেলের ‘অদল-বদল’ গল্পে অমৃতের বয়স দশ বছর।
২.১.৩ “এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে ।” — কোন্ ‘ভীষণ মধুর শব্দ’ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পে বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে মিশে যাওয়া নদীর জলস্রোতের অশ্রুতপূর্ব রহস্যময় শব্দই ছিল সেই ‘ভীষণ মধুর শব্দ’, যা শুনতে শুনতে নদেরচাঁদের সর্বাঙ্গ অবশ ও অবসন্ন হয়ে আসছিল।
২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কী?
উত্তর: শরৎচন্দ্রের ‘পথের দাবী’ গল্পে নিমাইবাবুর ব্যঙ্গাত্মক মন্তব্যে সব্যসাচীর শারীরিক দুরবস্থাকে বিদ্রূপ করা হয়েছিল বলে অপূর্ব মুখ ফিরিয়ে হাসি গোপন করেছিল।
২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়,” — কী নিয়ে শোরগোল পড়ে?
উত্তর: তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত হওয়ায় সেই খবর নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১ = ৪
২.২.১ “দণ্ডচারি এই মতে” — এক দণ্ড মানে কত সময়?
উত্তর: প্রাচীন ভারতীয় সময় গণনায় এক দণ্ড = ২৪ মিনিট।
২.২.২ “ক্ষমা করো” — এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতায় ‘ক্ষমা করো’ উক্তির মধ্য দিয়ে কবি সাম্রাজ্যবাদী অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার প্রতি অনুতাপ, সহানুভূতি ও মানবিক ক্ষমাপ্রার্থনার ভাব প্রকাশ করেছেন।
২.২.৩. “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” — এই ‘ধাত্রীর’ পরিচয় দাও।
উত্তর: ‘অভিষেক’ কাব্যাংশে ‘ধাত্রী’ হলেন প্রভাষা, যাঁর ছদ্মবেশে দেবী লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন।‘অভিষেক’ কাব্যাংশে ‘ধাত্রী’ হলেন প্রভাষা, যাঁর ছদ্মবেশে দেবী লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন।
২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন” আগুন ধরার কারণ কী?
উত্তর: পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের বিভীষিকা ও ধ্বংসযজ্ঞের ফলেই সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।
২.২.৫ “আমাদের পথ নেই আর” — তাহলে আমাদের কী করণীয়?
উত্তর: শঙ্খ ঘোষের কবিতায় ‘আমাদের পথ নেই আর’ অবস্থায় কবি সকলকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।” — এখানে ‘তুমি’ বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন?
উত্তর: শ্রীপান্থের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে ‘তুমি সবল, আমি দুর্বল’ উক্তিতে ‘তুমি’ বলতে লেখক কলমকেই ইঙ্গিত করেছেন।
২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন,”— তাকে কী বলে?
উত্তর: যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, লেখকের মতে তাঁকেই ‘দার্শনিক’ বলা হয়।
২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে।” — কোন্ বিষয়ে এখনও বাধা আছে?
উত্তর: রাজশেখর বসুর মতে, বাংলায় বিজ্ঞানচর্চার উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব এবং সাধারণ মানুষের বিজ্ঞানবোধের ঘাটতি ও ভাষার আড়ষ্টতার কারণে এখনও নানা বাধা রয়ে গেছে।
২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?
উত্তর: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিভিন্ন বিষয়ের বিজ্ঞান-অধ্যাপক, ভাষাবিদ ও সাহিত্যিকেরা একযোগে কাজ করেছিলেন।
২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?
উত্তর: কর্মবাচ্য বা ভাববাচ্যে কর্তা যখন প্রধানভাবে উক্ত বা প্রকাশিত হয় না, তখন সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। উদাহরণ– “চোরটি পুলিশ দ্বারা ধৃত হয়েছে।” (এখানে ‘পুলিশ দ্বারা’ হলো অনুক্ত কর্তা)।
২.৪.২ জনে জনে নিমন্ত্রণ করেছি— নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম?
উত্তর: পদটি বীপ্সা কর্ম।
২.৪.৩ ‘আকাশবাণী’ — সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর: মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
উত্তর: পঞ্চবটী — পাঁচটি বটের সমাহার।
২.৪.৫ অলোপ সমাস কাকে বলে?
উত্তর: যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সম্পূর্ণ লোপ না পেয়ে সমস্তপদে অবশিষ্ট থেকে যায়, তাকে অলোপ সমাস বলে। যেমন— হাটে-বাজারে।
২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো।
উত্তর: বাক্য নির্মাণের তিনটি শর্ত হল—
১. আকাঙ্ক্ষা
২. যোগ্যতা
৩. আসত্তি।
২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’ — যৌগিক বাক্যে পরিবর্তন করো।
উত্তর: তুমি হয় বাংলা পড়ো, নয়তো ইংরেজি পড়ো। or বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো।
২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর: আবেগসূচক বাক্যের একটি উদাহরণ — “বাঃ! কী সুন্দর পাখি!”
২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’ — কর্মবাচ্যে রূপান্তর করো।
উত্তর: বাড়িতে খবর দেওয়া হয়েছে।
২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
উত্তর: কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ — বাঁশি বাজে।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.১.১ “শুনেছেন হরিদা, কী কাণ্ড হয়েছে?” — কারা একথা বলেছেন? ‘কাণ্ড’ টা কী ছিল? ১+২
উত্তর: সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে গল্পকথক ও তাঁর বন্ধুরা (ভবতোষ-সহ) হরিদাকে এই কথা বলেন।
‘কাণ্ড’টি ছিল জগদীশবাবুর বাড়িতে এক আশ্চর্য সন্ন্যাসীর সাত দিন অবস্থান করা। তিনি হিমালয়ের গুহায় থাকতেন, বছরে মাত্র একটি হরীতকী খেতেন এবং তাঁর বয়স হাজার বছরের বেশি বলে শোনা যেত। এই অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিমালয়বাসী সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো নিতে দিতেন না, কিন্তু জগদীশবাবু সোনার বোল লাগানো কাঠের খড়ম সন্ন্যাসীর পায়ের কাছে ধরে কৌশলে তাঁর পায়ের ধুলো নিয়ে নেন।
৩.১.২ “একটু মমতা বোধ করিল বটে,” — কীসের প্রতি কার ‘মমতা বোধ’ হয়েছিল? তার মমতা বোধের কারণ কী? ১+২
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পে নদেরচাঁদের মমতা বোধ হয়েছিল তার নিজের লেখা চিঠিটির প্রতি।
দু’দিন ধরে বাইরে অবিরাম বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে সে প্রাণপণে একটি পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ-বেদনায় পূর্ণ চিঠি লিখেছিল। বহু আবেগ ও অনুভূতি জড়িয়ে থাকার কারণে চিঠিটি তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু আবেগের বশে চিঠিটি নদীর স্রোতে ছুড়ে ফেলার পরই তার মনে হয় প্রিয় জিনিসটি হারিয়ে ফেলেছে, তাই এই অনুশোচনামিশ্রিত মমতাবোধ জাগে
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.২.১ “হাসিবে মেঘবাহন”, — ‘মেঘবাহন’ কে? তিনি হাসবেন কেন? ১+২
উত্তর: ‘মেঘবাহন’ বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে।
মেঘনাদ একসময় ইন্দ্রকে পরাজিত করে ‘ইন্দ্রজিৎ’ উপাধি লাভ করেছিল। তাই ইন্দ্রজিৎ জীবিত থাকা সত্ত্বেও যদি তার বৃদ্ধ পিতা রাবণকে যুদ্ধে যেতে হয়, তবে তা ইন্দ্রজিতের বীরত্বের পক্ষে অপমানজনক হবে এবং দেবরাজ ইন্দ্র সেই দুরবস্থা দেখে হাসবেন।
৩.২.২ “আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!” — উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৩
উত্তর: কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি নবীনের আগমনের মধ্য দিয়ে পুরোনো, জীর্ণ ও অসুন্দর ব্যবস্থার অবসানের কথা বলেছেন। ‘নবীন’ এখানে নতুন যুগ ও নতুন সৃষ্টির প্রতীক। পুরোনো সমাজের অন্যায়, জড়তা ও অসুন্দরকে ধ্বংস করে নবীন শক্তি নতুন জীবন ও সৌন্দর্যের প্রতিষ্ঠা করবে—এই বিপ্লবী আশাবাদই পঙ্ক্তিটির মূল তাৎপর্য।
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” — কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? ১+৪
উত্তর: এই দুঃখ ও অপমানবোধ তপনের হয়েছিল। আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপন নিজের মনের ভাবনা ও কল্পনা থেকে একটি গল্প লিখেছিল। নতুন মেসোমশাই ছিলেন প্রতিষ্ঠিত লেখক। তিনি তপনের গল্পটি পড়ে সেটি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
গল্পটি ছাপা হওয়ার পর তপন প্রথমে অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু পরে নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে সে লক্ষ করে যে গল্পটির প্রায় প্রতিটি লাইনই তার অপরিচিত। নতুন মেসোমশাই ‘সংশোধন’-এর নামে গল্পটির ভাষা ও রচনাভঙ্গি অনেকটাই বদলে দিয়েছেন। ফলে নিজের নামে প্রকাশিত গল্পে তপন নিজের সৃষ্টিকে খুঁজে পায় না। নিজের লেখা পড়তে বসে অন্যের লেখা পড়ার এই অভিজ্ঞতাই তার কাছে গভীর দুঃখ ও অপমানের হয়ে ওঠে। এই ঘটনার পর তপন সংকল্প করে, ভবিষ্যতে তার লেখা ছাপাতে হলে সে নিজেই দেবে।
৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।” — ‘জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন লেখো। ১+৪
উত্তর: ‘জানোয়ারটা’ বলতে গিরীশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। উক্তিটি করেছিলেন পুলিশকর্মী জগদীশবাবু।
বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে গিরীশ মহাপাত্রকে পুলিশ থানায় আটক করেছিল। কিন্তু তাকে দেখে জগদীশবাবুর সন্দেহ দূর হয়ে যায়। গিরীশের রোদে-পোড়া তামাটে রং, হাঁপ ধরা কাশি, অকাল বার্ধক্যের ছাপ ও ভগ্ন স্বাস্থ্য দেখে তাকে দুর্ধর্ষ বিপ্লবী সব্যসাচী বলে মনে হয়নি। তার অদ্ভুত বেশভূষা ও মাথায় প্রচুর লেবুর তেলের গন্ধও তাকে হাস্যকর করে তুলেছিল। তাছাড়া তার কাছ থেকে গাঁজার কলকে পাওয়া যায়। এসব দেখে জগদীশবাবু মনে করেন, এমন রোগা, দুর্বল ও হাস্যকর চেহারার মানুষ সব্যসাচীর মতো বিপ্লবী হতে পারে না। তাই তাকে আর নজরদারিতে রাখার প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
৫. কম-বেশি ১৫০ শব্দে য়ে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র-রাখো পায়ে” — কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কী? ২+৩
উত্তর: জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র’ হিংসা, যুদ্ধ, ধ্বংস ও মৃত্যুর প্রতীক। ক্ষমতার লোভে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে অন্য মানুষকে হত্যা করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। অস্ত্রের ব্যবহার মানুষের মানবিকতা, শান্তি ও সৌভ্রাতৃত্বকে ধ্বংস করে। তাই কবি যুদ্ধবাজ ও হিংস্র মানুষদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
‘অস্ত্র রাখো পায়ে’ কথাটির অর্থ অস্ত্রকে উচ্চ মর্যাদা না দিয়ে পরিত্যাগ করা বা নীচে ফেলে দেওয়া। জয় গোস্বামী মনে করেন, অস্ত্র ত্যাগ করলেই মানুষের হিংস্র ও নেতিবাচক প্রবৃত্তি দমন করা সম্ভব এবং সমাজে সত্যিকারের শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা যায়।অস্ত্রের পরিবর্তে কবি ‘গান’-কে প্রতিষ্ঠা করেছেন। গান এখানে মানবতা, প্রেম, সৌন্দর্য, সৃজনশীলতা ও শান্তির প্রতীক। তাই অস্ত্র পায়ে রাখা মানে হিংসা ও ধ্বংসের পথ পরিত্যাগ করে মানবিকতা ও শান্তির পথে এগিয়ে যাওয়া।
৫.২ ” সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।” — বক্তা কে? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কী? ১+১+৩
উত্তর: পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় এই পঙ্ক্তির বক্তা হলেন কবি-কথক। ‘সে’ বলতে কবির প্রিয় সেই অপেক্ষমাণ মেয়েটিকে বোঝানো হয়েছে, যে দরজায় দাঁড়িয়ে তাঁর ফিরে আসার অপেক্ষা করছিল।
কবি-কথক প্রিয়জনকে ছেড়ে দূর দেশে চলে যান। কবি কর্তব্য ও সংগ্রামের আহ্বানে স্বদেশ ও প্রিয়জনদের ত্যাগ করে সুদূর বিদেশে চলে যান। তাঁর এই যাত্রা ব্যক্তিগত ভ্রমণ নয়; এর সঙ্গে যুদ্ধ, সংগ্রাম ও দেশ-সমাজের মুক্তির আকাঙ্ক্ষা যুক্ত। যুদ্ধ ও সংগ্রামের অনিশ্চিত পরিস্থিতিতে তাঁর আর ফিরে আসা সম্ভব হয়নি। কিন্তু মেয়েটি তা জানত না। তাই সে দীর্ঘদিন ধরে দরজায় দাঁড়িয়ে প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কবির না-ফেরা এবং মেয়েটির অজ্ঞাত প্রতীক্ষার মধ্য দিয়ে যুদ্ধের নির্মমতা ও বিচ্ছেদের করুণ বেদনা প্রকাশ পেয়েছে।
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” — কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। ১+৪
উত্তর: রাজশেখর বসুর ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় লেখক বলেছেন যে ফাউন্টেন পেন, কালি, দোয়াত, কলমদানি প্রভৃতি লেখার উপকরণ আজ অবলুপ্তির পথে।
একসময় হাতে লেখাই ছিল লেখালেখির প্রধান মাধ্যম। কলম, কালি ও দোয়াত ছিল লেখকের নিত্যসঙ্গী। হাতে লেখা চিঠি, গল্প, কবিতা বা অন্যান্য রচনার সঙ্গে মানুষের ব্যক্তিগত আবেগ ও স্মৃতি জড়িয়ে থাকত। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে কম্পিউটার, টাইপরাইটার এবং পরবর্তীকালে আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার বেড়ে যায়। দ্রুত, সহজে এবং পরিষ্কারভাবে লেখা ও সংশোধনের সুবিধার জন্য মানুষ ধীরে ধীরে হাতে লেখার অভ্যাস থেকে দূরে সরে যায়। ফলে ফাউন্টেন পেন, কালি, দোয়াত ও কলমদানি প্রভৃতির ব্যবহার কমতে থাকে। লেখক এই পরিবর্তনে নস্টালজিক হয়ে পড়েছেন এবং হাতে লেখার ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
৬.২ “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।” — ‘ত্রিবিধ’ কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। ১+৪
উত্তর: রাজশেখর বসুর ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে শব্দের ত্রিবিধ শক্তি বা অর্থপ্রকাশের রীতি হিসেবে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা-র কথা বলা হয়েছে।
অভিধা হল শব্দের সরাসরি বা আভিধানিক অর্থ। যেমন—‘দেশ’ বলতে দেশ বা স্থান বোঝায়। বৈজ্ঞানিক রচনায় অভিধার ব্যবহারই সবচেয়ে উপযোগী, কারণ সেখানে অর্থ স্পষ্ট ও নির্ভুল হওয়া দরকার।
লক্ষণা হল মুখ্য অর্থের পরিবর্তে প্রসঙ্গ অনুযায়ী গৌণ অর্থ প্রকাশ। যেমন—‘দেশের লজ্জা’ বললে ‘দেশ’ বলতে দেশবাসীকে বোঝায়।
ব্যঞ্জনা হল শব্দের প্রত্যক্ষ ও গৌণ অর্থের বাইরে নিহিত বা অতিরিক্ত অর্থের প্রকাশ। যেমন—‘অরণ্যে রোদন’ কথায় শুধু বনে কান্না নয়, ‘নিষ্ফল খেদ’-এর ভাব প্রকাশ পায়।
সাহিত্যে লক্ষণা ও ব্যঞ্জনার সুন্দর প্রয়োগ হতে পারে; কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে এগুলির ব্যবহার কম হওয়াই ভালো। কারণ বিজ্ঞানভিত্তিক রচনায় সরলতা, স্পষ্টতা ও নির্ভুলতাই প্রধান।
৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 8
৭.১ “তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি ” — কাকে উদ্দেশ করে বলা? বক্তার এমন বলার কারণ কী? ১+৩
উত্তর: উক্তিটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ করে নবাব সিরাজদ্দৌলা বলেছিলেন।
সিরাজদ্দৌলা ইংরেজ কোম্পানির সঙ্গে সম্পাদিত সন্ধির শর্তগুলি রক্ষা করার জন্য ওয়াটসকে মুর্শিদাবাদে প্রতিনিধি হিসেবে রেখেছিলেন। কিন্তু ইংরেজরা নবাবের নির্দেশ অমান্য করে নিজেদের ক্ষমতা ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। ওয়াটসও ইংরেজদের পক্ষ থেকে নানা ষড়যন্ত্রমূলক কাজে যুক্ত ছিলেন। ফলে নবাব তাঁর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি স্পষ্ট করে জানান যে কোম্পানি যদি সন্ধির শর্ত ভঙ্গ করে, তবে যুদ্ধ ঘোষণার আগেই ওয়াটসকে তোপের মুখে উড়িয়ে দেওয়া হতে পারে। এর মাধ্যমে সিরাজ তাঁর দৃঢ়তা, দেশরক্ষা ও ইংরেজ-বিরোধী মনোভাব প্রকাশ করেছেন।
৭.২ “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী,” — বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৩
উত্তর: উক্তিটির বক্তা হলেন নবাব সিরাজদ্দৌলা।
এই উক্তির মাধ্যমে সিরাজদ্দৌলার গভীর দেশপ্রেম, আশঙ্কা ও হতাশা প্রকাশ পেয়েছে। বাংলার স্বাধীনতা তখন নানা দিক থেকে বিপন্ন। একদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলায় নিজেদের ক্ষমতা ও প্রভাব বিস্তার করছিল, অন্যদিকে মীরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখের মতো দেশীয় শক্তির একাংশ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ফলে বাংলার রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়েছিল। এই সংকটময় অবস্থায় সিরাজ উপলব্ধি করেছিলেন যে বাংলার গৌরব ও স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার পথে। তাই তিনি বলেন, “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী।” উক্তিটির মধ্য দিয়ে তাঁর দেশপ্রেম ও আসন্ন বিপর্যয়ের আশঙ্কা ফুটে উঠেছে।
৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২×৫ = ১০
৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” — ‘এটা’ কী? কী ভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল? ১+৪
উত্তর: এখানে ‘এটা’ বলতে কোনির মনে হিয়ার প্রতি তৈরি হওয়া হিংস্র আক্রোশ ও অপমানবোধকে বোঝানো হয়েছে।
ক্ষিতীশ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ ঘোরার পর তাদের জল তেষ্টা পায়। কোনি কাছাকাছি বসে থাকা স্কুলের মেয়েদের কাছে জল চাইতে গেলে তাদের শিক্ষিকা তাকে অপমান করে ফিরিয়ে দেন। পরে সেই দলের মেয়ে হিয়া মিত্র কোনির জন্য জল নিয়ে আসে। কিন্তু আগের অপমানের কথা মনে করে কোনি হিয়ার দেওয়া জলের গ্লাসে হাত মেরে ফেলে দেয় এবং জল নিতে অস্বীকার করে।
এই ঘটনার পর ক্ষিতীশ বুঝতে পারেন, হিয়াই ভবিষ্যতে কোনির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। তিনি হিয়ার প্রতি কোনির আক্রোশকে দুর্বল করে দিতে চাননি। তাঁর মনে হয়েছিল, এই আক্রোশই সঠিক সময়ে কোনিকে আরও জেদী ও উদ্দীপ্ত করে তুলবে। তাই তিনি চেয়েছিলেন কোনি এই অপমান ও আক্রোশ বুকের মধ্যে পুষে রাখুক।
৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।” — কে, কাকে একথা বলেছিল? বক্তার একথা বলার কারণ কী? ২+৩
উত্তর: উক্তিটি বলেছিল একজন অজ্ঞাতনামা মধ্যবয়স্ক ভদ্রলোক; তিনি কথাটি বলেছিলেন বিষ্টুচরণ ধরকে। এখানে ‘গন্ধমাদন’ বলতে বিষ্টু ধরের বিশাল ও ভারী দেহকে বোঝানো হয়েছে।
বারুণীর দিনে গঙ্গার ঘাটে বিষ্টু ধরকে মালিশ করাতে দেখে ওই ভদ্রলোক তাঁর শরীরের বিপুল আকার নিয়ে রসিকতা করেন। বিষ্টু ধর ছিলেন প্রায় সাড়ে তিন মণ ওজনের অত্যন্ত স্থূলকায় ব্যক্তি। তাঁর শরীরের অতিরিক্ত ওজন দেখে ভদ্রলোক প্রথমে রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল সম্পর্কে প্রশ্ন করেন। বিষ্টু ধর বিরক্ত হয়ে তাঁকে চলে যেতে বলেন। তখন ভদ্রলোক ব্যঙ্গ করে বলেন যে, তাঁর হার্ট বোধ হয় বেশিদিন এই ‘গন্ধমাদন’ অর্থাৎ এত ভারী শরীরের ভার বহন করতে পারবে না। পরে হাতি বা হিপোর করোনারি অ্যাটাক হয়নি—এই মন্তব্য করে তিনি ব্যঙ্গকে আরও তীক্ষ্ণ করেন।
৮.৩ “ফাইট, কোনি ফাইট” — সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরণের ‘ফাইট’ করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও। ৫
উত্তর: মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে “ফাইট, কোনি ফাইট” কথাটি কোনির জীবনসংগ্রামের প্রতীক। শ্যামপুকুর বস্তির দরিদ্র পরিবারের মেয়ে কোনিকে চ্যাম্পিয়ন হতে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল।
প্রথমত, তাকে চরম দারিদ্র্য ও অভাবের বিরুদ্ধে লড়তে হয়েছিল। পুষ্টিকর খাবার, সাঁতারের পোশাক ও নিয়মিত প্রশিক্ষণের সামর্থ্য তার পরিবারের ছিল না। ক্ষিতীশ তার প্রতিভা চিনে নিয়ে খাবার ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
দ্বিতীয়ত, তাকে অপমান ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়তে হয়েছিল। বস্তির মেয়ে বলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলেও সে হার মানেনি।
তৃতীয়ত, তাকে প্রতিদ্বন্দ্বী ও বঞ্চনার বিরুদ্ধে লড়তে হয়েছে। হিয়ার মতো দক্ষ সাঁতারুর সঙ্গে প্রতিযোগিতা এবং বিভিন্ন সময়ে সুযোগ না পাওয়ার যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে।
চতুর্থত, তাকে ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়েছে। তাকে প্রতিযোগিতার সুযোগ থেকে দূরে রাখার চেষ্টা হলেও সে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের জোরে শেষ পর্যন্ত জাতীয় স্তরে সাফল্য অর্জন করে।
তাই “ফাইট, কোনি ফাইট” শুধু সাঁতারের লড়াই নয়—এটি দারিদ্র্য, অপমান, বঞ্চনা, ষড়যন্ত্র ও প্রতিকূলতার বিরুদ্ধে জীবনসংগ্রামের মন্ত্র।
৯. চলিত বাংলায় অনুবাদ করো : 8
We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.
উত্তর: আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞান বহু জিনিস আবিষ্কার ও উদ্ভাবন করেছে। বিদ্যুৎ মানুষের প্রতি বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উপহার। বিদ্যুৎ আমাদের জীবনযাত্রার ধরন প্রায় সম্পূর্ণ বদলে দিয়েছে।
১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
১০.১ ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’ — এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ
উত্তর:
রাহুল: সুমন, আজকাল রাস্তায় এত দুর্ঘটনা কেন হচ্ছে বল তো?
সুমন: আমার মনে হয়, এর অন্যতম প্রধান কারণ হল বেপরোয়া গাড়ি চালানো। অনেকেই ট্রাফিক নিয়ম মানে না।
রাহুল: ঠিক বলেছিস। অনেকে আবার দ্রুতগতিতে গাড়ি চালায় এবং মোবাইলে কথা বলতে বলতে বাইক চালায়।
সুমন: শুধু তাই নয়, অনেকে হেলমেট ব্যবহার করে না, সিগন্যাল অমান্য করে এবং ভুল পথে গাড়ি চালায়।
রাহুল: এসব অভ্যাস শুধু চালকের নয়, পথচারীদের জীবনও বিপন্ন করে।
সুমন: তাই গাড়ি চালানোর সময় সর্বদা গতি নিয়ন্ত্রণে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলা উচিত।
রাহুল: বাইক চালালে অবশ্যই হেলমেট এবং গাড়িতে সিটবেল্ট ব্যবহার করতে হবে।
সুমন: ঠিক। মনে রাখতে হবে, কয়েক মিনিট সময় বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়।
রাহুল: তাহলে আমাদের সবারই সচেতন হওয়া দরকার।
সুমন: অবশ্যই। তাই আমাদের স্লোগান হোক— “সাবধানে চালাও, জীবন বাঁচাও।”
১০.২ ‘রক্তদান জীবনদান’ — এই বিষয়ে একটি প্রতিবেদন
উত্তর: রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত রক্তদান
নিজস্ব সংবাদদাতা
কলকাতা, ২১ আগস্ট, ২০২৬: গতকাল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আমাদের এলাকার কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই শিবির চলে। এলাকার বহু যুবক-যুবতী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল রক্তদাতাদের শারীরিক পরীক্ষা করে রক্ত সংগ্রহ করেন। সংগৃহীত রক্ত নিকটবর্তী সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
শিবিরে চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তি, অস্ত্রোপচারপ্রার্থী রোগী এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। তাই সুস্থ মানুষের নিয়মিত রক্তদান অত্যন্ত মহৎ কাজ। উদ্যোক্তারা সাধারণ মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন হওয়ার এবং কুসংস্কার দূর করার আহ্বান জানান। শিবিরটি মানুষের মধ্যে মানবিকতা ও সমাজসেবার মনোভাব গড়ে তুলতে বিশেষ ভূমিকা নেয়।
১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ১০
১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার
উত্তর:
ভূমিকা: বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ, সুন্দর ও গতিশীল করেছে। রোগের চিকিৎসা, যোগাযোগ, কৃষি, শিক্ষা, পরিবহণ—জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান রয়েছে। কিন্তু বিজ্ঞান এত উন্নতি করলেও সমাজের একটি অংশ এখনও নানা কুসংস্কারে বিশ্বাস করে। তাই বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা আজ অত্যন্ত জরুরি।
বিজ্ঞানমনস্কতা কী: বিজ্ঞানমনস্কতা হল যুক্তি, প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বিষয়কে বিচার করার মানসিকতা। কোনো ঘটনা ঘটলেই অন্ধভাবে বিশ্বাস না করে তার কারণ অনুসন্ধান করা এবং সত্য-মিথ্যা যাচাই করাই বিজ্ঞানমনস্কতার পরিচয়।
কুসংস্কারের পরিচয়: কুসংস্কার হল অযৌক্তিক ও অপ্রমাণিত বিশ্বাস। যেমন—গ্রহণের সময় খাবার নষ্ট হয়ে যায় মনে করা, কোনো নির্দিষ্ট প্রাণীর ডাককে অমঙ্গলের লক্ষণ ভাবা, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের কাছে না নিয়ে ঝাড়ফুঁক করানো ইত্যাদি। এসব বিশ্বাসের পেছনে সাধারণত যুক্তিসংগত প্রমাণ থাকে না।
কুসংস্কারের ক্ষতিকর দিক: কুসংস্কার মানুষের চিন্তাশক্তিকে দুর্বল করে। অনেক সময় কুসংস্কারের কারণে মানুষ আধুনিক চিকিৎসা গ্রহণ করতে দেরি করে এবং রোগ আরও জটিল হয়ে ওঠে। আবার ডাইনি বা ভূতের মতো অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে নিরীহ মানুষ অত্যাচারের শিকার হয়। কুসংস্কার সমাজের অগ্রগতির পথে বড় বাধা।
বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার উপায়: শিক্ষার প্রসার বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার প্রধান উপায়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে ও যুক্তি দিয়ে চিন্তা করতে উৎসাহিত করতে হবে। বিজ্ঞানভিত্তিক আলোচনা, প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা দরকার। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের সাহায্যেও কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা যায়।
উপসংহার: কুসংস্কার দূর করা শুধু সরকারের নয়, প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবোধ ও মানবিকতার চর্চা করতে হবে। বিজ্ঞানকে শুধু যন্ত্র ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের চিন্তাভাবনার মধ্যেও গ্রহণ করতে হবে। বিজ্ঞানমনস্ক মানুষই পারে একটি যুক্তিবাদী, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে।
১১.২ বাংলার উৎসব
উত্তর:
ভূমিকা: “বারো মাসে তেরো পার্বণ”—এই প্রবাদটি বাংলার উৎসবপ্রিয় মানুষের পরিচয় বহন করে। ধর্ম, জাতি ও সম্প্রদায়ের নানা বৈচিত্র্য সত্ত্বেও উৎসব বাংলার মানুষের জীবনে আনন্দ, মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
দুর্গাপূজা: বাংলার সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে দুর্গাপূজা অন্যতম। শরতের আকাশে সাদা মেঘ, কাশফুলের দোলা এবং ঢাকের বাদ্য মানুষের মনে উৎসবের আনন্দ জাগিয়ে তোলে। কয়েক দিন ধরে মণ্ডপে মণ্ডপে চলে দেবী দুর্গার আরাধনা। নতুন পোশাক পরা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, মণ্ডপ পরিদর্শন ও আনন্দ-উৎসব—সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে আনন্দময়।
অন্যান্য উৎসব: দুর্গাপূজার পাশাপাশি কালীপূজা, সরস্বতীপূজা, লক্ষ্মীপূজা, দোলযাত্রা, রথযাত্রা, পৌষপার্বণ প্রভৃতিও বাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মুসলমান সম্প্রদায়ের ঈদ, খ্রিস্টানদের বড়দিন এবং শিখ সম্প্রদায়ের বিভিন্ন উৎসবও বাংলায় আনন্দের সঙ্গে পালিত হয়। পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। এই দিনে মানুষ নতুন পোশাক পরে, শুভেচ্ছা বিনিময় করে এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
উৎসবের সামাজিক গুরুত্ব: উৎসব মানুষের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে। দূরে থাকা আত্মীয়রা বাড়িতে ফিরে আসে। দরিদ্র মানুষের মুখেও আনন্দ ফুটে ওঠে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের উৎসবে অংশ নিয়ে সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে।
উৎসবের পরিবর্তন: বর্তমানে উৎসবের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে। আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে অতিরিক্ত শব্দ, আতশবাজি, অপচয় ও পরিবেশদূষণ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
উপসংহার: বাংলার উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়; এগুলি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির পরিচয়। উৎসবের প্রকৃত আনন্দ তখনই, যখন সেখানে সকলের অংশগ্রহণ থাকে। তাই ঐতিহ্য বজায় রেখে পরিবেশবান্ধব ও সম্প্রীতিপূর্ণভাবে উৎসব পালন করা উচিত।
১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
উত্তর:
ভূমিকা: মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যা সময়ের সঙ্গে হারিয়ে যায় না। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা কিংবা সাফল্য—কোনো বিশেষ অভিজ্ঞতা সারাজীবন মনে থেকে যায়। আমার জীবনেরও এমন একটি স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে, যা আজও মনে পড়লে আনন্দে মন ভরে ওঠে।
ঘটনার দিন: ঘটনাটি আমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনের। ছোটবেলা থেকেই দৌড় প্রতিযোগিতার প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। তাই সেদিন আমি একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতার আগে আমার মনে যথেষ্ট উত্তেজনা ও ভয় ছিল। মনে হচ্ছিল, এতজনের মধ্যে আমি আদৌ ভালো করতে পারব কি না।
প্রতিযোগিতা: নির্দিষ্ট সময়ে আমরা সবাই মাঠে দাঁড়ালাম। বাঁশি বাজতেই সবাই দ্রুত দৌড় শুরু করল। প্রথমদিকে আমি কিছুটা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু শিক্ষকের বলা কথা—“শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে”—মনে পড়ল। আমি নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। ধীরে ধীরে কয়েকজন প্রতিযোগীকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেলাম। শেষ পর্যন্ত আমি প্রথম হয়ে দৌড় শেষ করলাম।
পুরস্কার গ্রহণ: আমার নাম প্রথম ঘোষণা হওয়ার মুহূর্তে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বন্ধুরা আনন্দে আমাকে অভিনন্দন জানাল। শিক্ষকও আমার পিঠ চাপড়ে উৎসাহ দিলেন। পরে প্রধান শিক্ষকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করি। সেই মুহূর্তটি আমার কাছে অত্যন্ত আনন্দের ছিল।
শিক্ষণীয় বিষয়: এই ঘটনার মাধ্যমে আমি বুঝেছিলাম, সাফল্যের জন্য শুধু প্রতিভা নয়, আত্মবিশ্বাস, পরিশ্রম ও শেষ পর্যন্ত চেষ্টা করার মানসিকতাও প্রয়োজন। প্রথমদিকে পিছিয়ে পড়লেও আমি হাল ছাড়িনি। সেই অভিজ্ঞতা আমাকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহস জুগিয়েছে।
উপসংহার: জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু কিছু ঘটনা আমাদের চিন্তাভাবনা ও জীবনকে প্রভাবিত করে। আমার বিদ্যালয়ের সেই দৌড় প্রতিযোগিতা তাই আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। আজও সেই দিনের কথা মনে পড়লে আমার মনে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস জন্মায়।
১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা
উত্তর:
ভূমিকা: আমি একটি বিদ্যালয়। শহরের এক শান্ত পরিবেশে আমার অবস্থান। বহু বছর ধরে আমি জ্ঞানের আলো ছড়িয়ে চলেছি। আমার কাছে প্রতিদিন আসে অসংখ্য ছাত্রছাত্রী। তাদের হাসি, আনন্দ, কোলাহল এবং স্বপ্নে আমি প্রতিদিন নতুন জীবন লাভ করি।
আমার জন্ম: প্রায় পঞ্চাশ বছর আগে আমার প্রতিষ্ঠা হয়েছিল। তখন আমার চেহারা ছিল খুবই সাধারণ। কয়েকটি শ্রেণিকক্ষ, একটি ছোট অফিসঘর এবং সামান্য খেলার মাঠ নিয়েই আমার পথচলা শুরু। প্রথমদিকে ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল কম। কিন্তু ধীরে ধীরে আমার সুনাম বাড়তে থাকে।
আমার ছাত্রছাত্রীরা: বছরের পর বছর ধরে কত ছাত্রছাত্রী যে আমার কাছে পড়াশোনা করেছে, তার হিসাব নেই। কেউ ডাক্তার হয়েছে, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মচারী, আবার কেউ ব্যবসায়ী বা শিল্পী হয়েছে। তাদের সাফল্যের কথা শুনলে আমার বুক গর্বে ভরে ওঠে। তারা যখন পুরোনো বিদ্যালয়ে ফিরে এসে আমাকে প্রণাম করে, তখন আমার মনে হয় আমার জীবন সার্থক।
আমার দৈনন্দিন জীবন: প্রতিদিন সকালে ঘণ্টার শব্দে আমার দিন শুরু হয়। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে প্রার্থনা করে শ্রেণিকক্ষে যায়। শিক্ষকরা তাদের পড়ান, প্রশ্নের উত্তর দেন এবং ভালো মানুষ হওয়ার শিক্ষা দেন। টিফিনের সময় আমার প্রাঙ্গণ আনন্দে মুখরিত হয়ে ওঠে। ছুটির ঘণ্টা বাজলে সবাই বাড়ি ফিরে যায়। তখন আমার চারপাশে নেমে আসে নীরবতা।
আমার দুঃখ: তবে আমার কিছু দুঃখও আছে। কিছু ছাত্র বিদ্যালয়ের বেঞ্চ-দেওয়াল নষ্ট করে, যেখানে-সেখানে আবর্জনা ফেলে। বইয়ের পাতার পরিবর্তে মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানোর প্রবণতাও আমাকে চিন্তিত করে। আমি চাই, আমার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সম্পদকে নিজের সম্পদ মনে করে যত্ন নিক।
আমার আশা: আমি চাই আমার প্রতিটি ছাত্রছাত্রী শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়ে উঠুক। আমি তাদের জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত দেখতে চাই।
উপসংহার: আমি শুধু ইট-পাথরের একটি ভবন নই। আমি হাজার হাজার মানুষের স্বপ্ন, স্মৃতি ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমি জ্ঞানের আলো ছড়িয়ে যেতে চাই। আমার ছাত্রছাত্রীরাই আমার গর্ব, আমার আশা এবং আমার ভবিষ্যৎ।
