মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের প্রশ্নপত্র ও তার নিখুঁত সমাধান অনুশীলন করা প্রস্তুতি পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ভাষা ও সাহিত্যের মতো বিষয়ে সঠিক উত্তর লেখার ধরণ এবং ব্যাকরণের নিয়ম নির্ভুলভাবে আয়ত্ত করতে প্রশ্নব্যাঙ্কের বিকল্প কিছু হয় না। এই নিবন্ধে আমরা আলোচনা করেছি মাধ্যমিক ২০২৩ বাংলা প্রশ্নপত্র (Madhyamik 2023 Bengali Question Paper Solved) নিয়ে, যা পরীক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাসের ওপর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
পরীক্ষার হলে সময়মতো সমস্ত বড় ও ছোট প্রশ্নের উত্তর গুছিয়ে লিখে আসা সহজ কাজ নয়, যদি না আগে থেকেই সঠিক অনুশীলন থাকে। আজকের এই ব্লগে আমরা ২০২৩ সালের বাংলা পরীক্ষার প্রতিটি ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং ব্যাকরণের সঠিক উত্তর খুব সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছি। আশা করি এই সমাধানটি পড়লে তোমাদের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আসন্ন পরীক্ষার ভীতি অনেকটাই কেটে যাবে।
Class 10-এর সম্পূর্ণ প্রস্তুতি মানেই EduDues 💙
Madhyamik 2023 Bengali Question Paper Solved (PDF)
Madhyamik 2023 Bengali Question Paper Solved Video | মাধ্যমিক ২০২৩ বাংলা প্রশ্নপত্রের সমস্ত উত্তর ভিডিও
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭×১=১৭
১.১ ইসাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন?
(ক) বাহালি কাকিমা বলে
(খ) বাহালি বৌদি বলে
(গ) বাহালি বহিন বলে
(ঘ) বাহালি দিদি বলে
উত্তর : (খ) বাহালি বৌদি বলে
১.২ “আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি।” হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল?
(ক) কাপালিক রূপ দেখে
(খ) বাইজির রূপ দেখে
(গ) পুলিশের সাজ দেখে
(ঘ) বিরাগী রূপ দেখে
উত্তর : (ঘ) বিরাগী রূপ দেখে
১.৩ পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত?
(ক) বর্মা জাহাজঘাটে
(খ) বর্মা-অয়েল-কোম্পানিতে
(গ) বর্মা কয়লাখনিতে
(ঘ) বর্মা চটকলে
উত্তর : (খ) বর্মা-অয়েল-কোম্পানিতে
১.৪ ‘অসুখী একজন’ কবিতার কথক ঘুমিয়েছিলেন —
(ক) বারান্দায়
(খ) মেঝেতে
(গ) ঝুলন্ত বিছানায়
(ঘ) ঘাস জন্মানো রাস্তায়
উত্তর : (গ) ঝুলন্ত বিছানায়
১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি ‘অস্ত্র’ রাখতে বলেছেন–
(ক) ঋষি বালকের পায়ে
(খ) নদীতে
(গ) দেশগাঁয়ে
(ঘ) গানের দুটি পায়ে
উত্তর : (ঘ) গানের দুটি পায়ে
১.৬ “অভিষেক করিলা কুমারে।” কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন?
(ক) বিল্বপত্র দিয়ে
(খ) দধিদুগ্ধ দিয়ে
(গ) গঙ্গোদক দিয়ে
(ঘ) পাদোদক দিয়ে
উত্তর : (গ) গঙ্গোদক দিয়ে
১.৭ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল–
(ক) ফাউন্টেন পেন
(খ) রিজার্ভার পেন
(গ) ঝরনা কলম
(ঘ) পার্কার পেন
উত্তর : (খ) রিজার্ভার পেন
১.৮ ‘Sensitized paper’-এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক?
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) সুগ্রাহী কাগজ
(গ) সুবেদী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ
উত্তর : (খ) সুগ্রাহী কাগজ
১.৯ “সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র”–
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর : (ঘ) সত্যজিৎ রায়
১.১০ অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, তাকে বলে–
(ক) প্রযোজক কর্তা
(খ) প্রযোজ্য কর্তা
(গ) সহযোগী কর্তা
(ঘ) উহ্য কর্তা
উত্তর : (খ) প্রযোজ্য কর্তা
১.১১ ‘আমাদের ইতিহাস নেই’ নিম্নরেখ পদটি —
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) অধিকরণ কারক
উত্তর : (খ) কর্মকারক
১.১২ উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম–
(ক) উপমিত কর্মধারয়
(খ) উপমান কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) সাধারণ কর্মধারয়
উত্তর : (গ) রূপক কর্মধারয়
১.১৩ ‘চিরসুখী’ পদটি হল–
(ক) করণ তৎপুরুষ
(খ) কর্ম তৎপুরুষ
(গ) ব্যাপ্তি তৎপুরুষ
(ঘ) সম্বন্ধ তৎপুরুষ
উত্তর : (গ) ব্যাপ্তি তৎপুরুষ
১.১৪ ‘তোরা সব জয়ধ্বনি কর।’ এটা কী জাতীয় বাক্য?
(ক) নির্দেশক বাক্য
(খ) অনুজ্ঞাসূচক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য
উত্তর : (খ) অনুজ্ঞাসূচক বাক্য
১.১৫ আজকের সকালটা বেশ কাটল। গঠনগত দিক দিয়ে বাক্যটি হল–
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তর : (ক) সরল বাক্য
১.১৬ ‘মহাশয়ের কী করা হয়?’ এটি কোন্ বাচ্যের দৃষ্টান্ত?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর : (গ) ভাববাচ্য
১.১৭ যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে–
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য
উত্তর : (গ) কর্মকর্তৃবাচ্য
২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১৯×১=১৯
২.১ নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.১.১ “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল,” ‘বুদ্ধি’টা কী ছিল?
উত্তর : ইসাবের জামা ছিঁড়ে যাওয়ার ঘটনাটি যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য নিজের অক্ষত জামাটি ইসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল।
২.১.২ “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।” নদেরচাঁদের ভয় করার কারণ কী?
উত্তর :বর্ষার জলে পুষ্ট নদীর রোষে-ক্ষোভে উন্মত্ত, ভয়ংকর রূপ দেখে নদেরচাঁদের ভয় করেছিল। নদীর আর্তনাদ ও উন্মত্ত জলরাশি দেখে তার মনে হয়েছিল, নদী যেন ব্রিজটিকেও ভাসিয়ে নিয়ে যাবে।
২.১.৩ “অপূর্ব মুগ্ধ হইয়া সেইদিকে চাহিয়া ছিল,” অপূর্ব কী দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল?
উত্তর : গিরীশ মহাপাত্রের বেশভূষা ও চালচলন হাস্যকর ও অদ্ভুত হলেও,রোগা মুখের অদ্ভুত, দীপ্তিমান ও গভীর চোখের দৃষ্টি দেখে অপূর্ব মুগ্ধ হয়ে গিয়েছিল।
২.১.৪ “আক্ষেপ করেন হরিদা” হরিদার আক্ষেপের কারণ কী?
উত্তর :জগদীশবাবুর বাড়িতে আগত বিরাগী সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা ছিল হরিদার। কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় সেই সুযোগ না পাওয়ার জন্য হরিদা আক্ষেপ করেছিলেন।
২.১.৫ “রত্বের মূল্য জহুরির কাছেই।” কথাটির অর্থ কী?
উত্তর : “রত্নের মূল্য জহুরির কাছেই” কথাটির অর্থ হল, প্রকৃত গুণী বা মূল্যবান জিনিসের প্রকৃত কদর কেবল সেই ব্যক্তিই বুঝতে পারে, যার সেই বিষয়ে যথার্থ জ্ঞান বা সমঝদারি আছে — সাধারণ মানুষ তার প্রকৃত মূল্য অনুধাবন করতে পারে না।
২.২ নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪
২.২.১ “যেখানে ছিল শহর” সেখানকার কী অবস্থা হল?
উত্তর : “অসুখী একজন” কবিতায় যুদ্ধের ধ্বংসলীলার পর যেখানে শহর ছিল, সেখানে চারদিকে ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ।
২.২.২ “বলো ‘ক্ষমা করো’-” কীসের জন্য এই ক্ষমা প্রার্থনা?
উত্তর : ‘আফ্রিকা’ কবিতায় সাম্রাজ্যবাদী সভ্য দুনিয়া যুগ যুগ ধরে আফ্রিকার সংস্কৃতি ও মানুষের ওপর যে বর্বর শোষণ ও অত্যাচার চালিয়েছে, তারই জন্য মানবসভ্যতার প্রতিনিধিরূপে কবি ক্ষমা প্রার্থনা করতে বলেছেন।
২.২.৩ “হা ধিক্ মোরে।” বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন?
উত্তর : শত্রুসৈন্য লঙ্কা অবরোধ করে ফেলেছে, অথচ তিনি (ইন্দ্রজিৎ) তখন প্রমোদকাননে সময় কাটাচ্ছিলেন—নিজের এই কর্তব্যে অবহেলার কথা ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন।
২.২.৪ “তথা কন্যা থাকে সর্বক্ষণ।” কন্যা কোথায় থাকে?
উত্তর :” কন্যা ” বলতে সমুদ্রকন্যা পদ্মাকে বোঝানো হয়েছে, যে সমুদ্রতীরে দিব্য, বহুরত্নশোভিত প্রাসাদে সর্বক্ষণ বাস করে।
২.২.৫ “ধ্বংস দেখে ভয় কেন তোর?-“- কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন?
উত্তর : “প্রলয়োল্লাস” কবিতায় কবি বলেছেন, এই ধ্বংস আসলে চূড়ান্ত বিনাশ নয়; মহাকালের এই রুদ্র ধ্বংসলীলার মধ্য দিয়েই নতুন সৃষ্টির বীজ বপন হয়, তাই ধ্বংসকে ভয় পাওয়ার কিছু নেই।
২.৩ নীচের যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩
২.৩.১ ‘কুইল’ কাকে বলে?
উত্তর : রাজহাঁস বা বড়ো আকারের পাখির পালক কেটে তৈরি কলমকে কুইল বলে।
২.৩.২. বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল?
উত্তর : ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধ অনুসারে, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরিভাষা রচনার উদ্যোগে ত্রুটি ছিল—বিভিন্ন ব্যক্তি একসঙ্গে মিলে কাজ না করে যে যার মতো পৃথকভাবে কাজ করেছিলেন, ফলে সামঞ্জস্যের অভাব ঘটে।
২.৩.৩ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” আজ কী অবলুপ্তির পথে?
উত্তর : আজ নানা ধরনের ফাউনটেন পেন, কালি, দোয়াত, কলমদানি এ সবই আজ অবলুপ্তির পথে ।
২.৩.৪ “বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়।” কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়?
উত্তর : “বাংলা ভাষায় বিজ্ঞান” প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু বলেছেন, যাদের বিজ্ঞান ও ইংরেজি ভাষা সম্পর্কে জ্ঞান অতি সামান্য বা নগণ্য, তাদের পক্ষে বাংলায় বিজ্ঞান শেখা সংস্কারবিরোধী নয়।
২.৪ নীচের যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
২.৪.১ বিভক্তি কাকে বলে?
উত্তর : বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক বোঝাতে যে অর্থহীন লগ্নক (প্রত্যয়সদৃশ চিহ্ন) যুক্ত হয়, তাকে বিভক্তি বলে। উদাহরণ: রামকে ডাকো। → ‘কে’ বিভক্তি
২.৪.২ নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও।
উত্তর :নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ–সূর্য উঠলে পদ্ম ফুল ফুটবে।
এখানে ‘সূর্য’ নিরপেক্ষ কর্তা।
২.৪.৩ ‘উপগ্রহ’ কথাটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।
উত্তর : উপগ্রহ = গ্রহের সদৃশ — অব্যয়ীভাব সমাস।
২.৪.৪ ‘আলোপ সমাস’ কাকে বলে?
উত্তর : সমস্যমান পদগুলির বিভক্তি লোপ না পেয়ে সমাসবদ্ধ হলে, তাকে অলোপ সমাস বলে। উদাহরণ: গায়ে পড়া → গায়েপড়া
২.৪.৫ বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায় বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো।
উত্তর : উদ্দেশ্য — বিমলবাবুর ছেলে; বিধেয় — হেঁটে হেঁটে স্কুল যায়।
২.৪.৬ খাঁটি গোরুর দুধ খেতে হবে। এটি বাক্য নয় কেন?
উত্তর :এটি বাক্য নয়, কারণ বাক্যটির পদগুলির মধ্যে যথাযথ আসত্তি বা পদক্রম নেই। সঠিক পদক্রম হবে— গোরুর খাঁটি দুধ খেতে হবে।
২.৪.৭ ভাববাচ্যের একটি উদাহরণ দাও।
উত্তর : একটি ভাববাচ্যের উদাহরণ হলো— এখন কাজ করা যাক।
২.৪.৮ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল!’ জটিল বাক্যে পরিবর্তন করো।
উত্তর : যখন তপন কথাটা শুনল, তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল।
২.৪.৯ সিঁড়ি থেকে নামা হল। বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো।
উত্তর :সিঁড়ি থেকে নামল।
২.৪.১০ চাঁদের পাহাড়ের গল্প কখনও ভুলব না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো।
উত্তর : চাঁদের পাহাড়ের গল্প কি কখনও ভুলব? / চাঁদের পাহাড়ের গল্প কি কখনও ভোলা যায়?
৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩+৩=৬
৩.১. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১×৩=৩)
৩.১.১ “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।” ‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যাবে? (১+২)
উত্তর : কথাসাহিত্যিক সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে হরিদা এই উক্তিটি করেছেন।
‘ঢং’ বলতে বোঝানো হয়েছে বহুরূপী সেজে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষকে বিস্মিত ও আনন্দ দেওয়ার শিল্প-জীবিকা।
বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন। প্রকৃত সন্ন্যাসী মনে করে জগদীশবাবু তাঁকে আপ্যায়নের চেষ্টা করেন এবং শেষে তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা প্রণামি দিতে চান। এই টাকা গ্রহণ করলে হরিদার বহুরূপী সাজার আসল উদ্দেশ্য (মানুষকে ঠকানো নয়, বরং অভিনয়শিল্পের মাধ্যমে চমক দেওয়া) ব্যর্থ হয়ে যাবে এবং তাঁর বহুরূপীসুলভ সততা নষ্ট হবে বলেই তিনি এই অর্থ প্রত্যাখ্যান করেন—এটাই তাঁর ‘ঢং নষ্ট হয়ে যাওয়া’।
৩.১.২ “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।” ‘ওরা’ কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? (১+২)
উত্তর : পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে ‘ওরা’ বলতে অমৃত ও ইসাবকে বোঝানো হয়েছে।
কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে অমৃতকে বাঁচাতে ইসাব এগিয়ে আসে এবং কালিয়াকে ল্যাং মেরে ফেলে দেয়। এই ধস্তাধস্তির মধ্যে ইসাবের বাবার কষ্ট করে কিনে দেওয়া নতুন জামার প্রায় ছ-ইঞ্চি কাপড় ছিঁড়ে যায়। জামা ছেঁড়ার জন্য বাড়িতে ইসাবের বাবার হাতে বকুনি বা মার খাওয়ার আশঙ্কাতেই অমৃত ও ইসাব দুজনেই ভয়ে কাঠ হয়ে গিয়েছিল।
৩.২ নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১×৩=৩)
৩.২.১ “এল মানুষ-ধরার দল” ‘মানুষ-ধরার দল’ কোথায় এল? তাদের ‘মানুষ-ধরার দল’ বলার কারণ কী? (১+২)
উত্তর : “আফ্রিকা’ কবিতায়” মানুষ-ধরার দল’ এসেছিল আফ্রিকা মহাদেশে।
ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি লোভ, লালসা ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আফ্রিকায় প্রবেশ করে। তারা শান্তিপ্রিয়, সরল আফ্রিকাবাসীদের জোর করে ধরে নিয়ে গিয়ে দাসত্বের শৃঙ্খলে বেঁধেছিল এবং তাদের সম্পদ, স্বাধীনতা, সংস্কৃতি সব কিছু লুণ্ঠন ও ধ্বংস করেছিল। মানুষ শিকার করার মতো এই নৃশংস আচরণের জন্যই কবি তাদের ‘মানুষ-ধরার দল’ বলে অভিহিত করেছেন।
৩.২.২ “আমরা ভিখারি বারোমাস”- ‘আমরা’ বলতে কারা? ‘ভিখারি’ শব্দ বলে কবি কী বোঝাতে চেয়েছেন? (১+২)
উত্তর : উদ্ধৃতিটি শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় ‘আমরা’ বলতে সাধারণ, শ্রমজীবী, শোষিত মানুষদের বোঝানো হয়েছে, যাদের কোনো ইতিহাস লেখা হয় না।
‘ভিখারি বারোমাস’ বলতে কবি এই সাধারণ মানুষের চরম দারিদ্র্য, বঞ্চনা ও নিঃস্বতার কথা বুঝিয়েছেন। যুদ্ধ, ধ্বংস আর সাম্রাজ্যবাদী শোষণের মধ্যে পড়ে তারা সর্বস্ব হারিয়ে সারা বছরই ভিক্ষুকের মতো অসহায় জীবন কাটাতে বাধ্য হয়—নিজেদের ন্যূনতম অধিকারটুকু থেকেও তারা চিরবঞ্চিত।
৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৪.১ “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।” কার ‘পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। (১+৪)
উত্তর :আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘নদীর বিদ্রোহ’ ছোটোগল্প থেকে নেওয়া হয়েছে। এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র, স্টেশনমাস্টার নদেরচাঁদের ‘পাগলামি’র কথা বলা হয়েছে।
নদেরচাঁদের জন্ম, শৈশব ও বেড়ে ওঠা নদীকে ঘিরেই। ছোটোবেলা থেকেই নদীকে সে ভালোবাসত। কর্মসূত্রে প্রতিদিন রেলব্রিজের ওপর দিয়ে যাতায়াত করার সময় সে নদীর দিকে তাকিয়ে থাকত এবং নদীর বিভিন্ন রূপ উপভোগ করত। নদীর জল কমে গেলে তার মন খারাপ হয়ে যেত। আবার বর্ষার জলে নদী পরিপূর্ণ হয়ে উঠলে তার মনে আনন্দ ও পুলক জাগত। নদীর কলধ্বনি, স্রোত, ঢেউ এবং রূপ তাকে গভীরভাবে আকৃষ্ট করত। এমনকি প্রবল বর্ষায় নদী যখন ভয়ংকর রূপ ধারণ করত, তখনও নদেরচাঁদ নদীর কাছ থেকে নিজেকে দূরে রাখতে পারত না। নদীর প্রতি এই অস্বাভাবিক আকর্ষণকে সে নিজেও একধরনের পাগলামি বলে বুঝত। কিন্তু নিজের এই পাগলামির মধ্যেই সে এক গভীর আনন্দ খুঁজে পেত।
৪.২ “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।” কোন্ দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? ( ২+৩)
উত্তর :আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পে যেদিন তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়ে বের হল, সেই দিনটিকেই তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল।
তপনের নতুন মেসোমশাই একজন প্রতিষ্ঠিত লেখক। তিনি তপনের লেখা গল্পটি একটু সংশোধন করে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তপন প্রথমে এটাকে নিছক ঠাট্টা ভেবেছিল। কিছুদিন পর সত্যিই গল্পটি ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত হয়, আর নিজের নাম ছাপার অক্ষরে দেখে তপন প্রথমে আনন্দে উদ্বেল হয়ে ওঠে।
কিন্তু গল্পটি পড়তে বসে সে আবিষ্কার করে যে, মেসোমশাই সংশোধনের নামে গোটা গল্পটাই আগাগোড়া নতুন করে লিখে দিয়েছেন—প্রতিটি লাইনই তার কাছে অপরিচিত ও আনকোরা মনে হয়। নিজের প্রথম সৃষ্টি এইভাবে সম্পূর্ণ বদলে গিয়ে অন্যের করুণায় প্রকাশ পাওয়াটা তপনের কাছে চরম অপমানের মনে হয়। নিজের লেখায় নিজের কোনো ভূমিকাই না থাকার এই তীব্র মোহভঙ্গ ও লজ্জাই তার আনন্দের দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের দিনে পরিণত করে।
৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৫.১ “হায়, বিধি বাম মম প্রতি।” বক্তা কে? তার এরূপ বক্তব্যের কারণ কী?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ থেকে গৃহীত ‘অভিষেক’ কাব্যাংশে উদ্ধৃত উক্তিটির বক্তা রাক্ষসকুলপতি রাবণ।
বীরবাহুর মৃত্যুসংবাদ পেয়ে ক্রদ্ধ ও দুঃখার্ত ইন্দ্রজিৎ লঙ্কায় ফিরে এসে পিতা রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। ইতিমধ্যেই এক পুত্র বীরবাহুকে হারিয়ে শোকসন্তপ্ত রাবণ কিছুতেই তাঁর আরেক প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে এই ভয়ংকর যুদ্ধে পাঠাতে রাজি নন। কিন্তু লঙ্কার সংকট এমন চরমে পৌঁছেছে যে, রাক্ষসকুলের মর্যাদা ও রাজ্যরক্ষার স্বার্থে শেষ পর্যন্ত অসহায় পিতা রাবণকে বাধ্য হয়েই ইন্দ্রজিৎকেও যুদ্ধে পাঠাতে হয়। নিজের ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস, নিরুপায় অবস্থা ও সন্তানহারানোর আশঙ্কা থেকেই ব্যথিত রাবণ আক্ষেপ করে বলেন, “হায়, বিধি বাম মম প্রতি।”
৫.২ জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির যে যুদ্ধ-বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও।
উত্তর : কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় যুদ্ধ, হিংসা ও অস্ত্রের বিরুদ্ধে গানকে হাতিয়ার করে প্রতিরোধের কথা বলা হয়েছে।
‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির গভীর যুদ্ধবিরোধী ও মানবতাবাদী মনোভাব প্রকাশিত হয়েছে। কবির কাছে অস্ত্র মানুষের শান্তি ও ভালোবাসার প্রধান শত্রু। অস্ত্রের ঝনঝনানি মানুষের মনে ভয়, হিংসা ও ধ্বংসের পরিবেশ সৃষ্টি করে। যুদ্ধের ফলে মানুষের পীড়ন, আর্তনাদ ও রক্তপাত ঘটে—কবি তা কোনোভাবেই মেনে নিতে পারেননি।
এই ধ্বংস ও হিংসার বিরুদ্ধে কবি গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। তাঁর বিশ্বাস, ভালোবাসা, মানবিকতা ও শান্তির সুরই পারে হিংস্রতা ও যুদ্ধের শক্তিকে পরাজিত করতে। তাই তিনি অস্ত্রকে পরিত্যাগ করে গানের কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। গানের পায়ে অস্ত্র রেখে দেওয়ার মধ্য দিয়ে তিনি যুদ্ধের অবসান ও মানবতার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কবির দৃঢ় বিশ্বাস, একদিন মানুষের ভালোবাসা ও গানের শক্তির কাছে সমস্ত হিংসা, দম্ভ ও অস্ত্র পরাজিত হবে। তাই তিনি আহ্বান জানিয়েছেন—“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে।” কবিতাটিতে এইভাবেই শান্তি, প্রেম ও মানবতার জয়কে প্রতিষ্ঠা করা হয়েছে।
৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
৬.১ বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, তাদের পরিচয় দাও। ৫
উত্তর : ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধের লেখক রাজশেখর বসুর মতে, বিজ্ঞান-বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের দুটি শ্রেণিতে ভাগ করা যায়।
প্রথম শ্রেণি: যাঁরা ইংরেজি জানেন না বা অতি অল্প জানেন। এঁরা সাধারণত অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোক। ইংরেজি ভাষার সঙ্গে পূর্বপরিচয় না থাকায়, বাংলায় বিজ্ঞান শেখার সময় তাঁদের ভাষাগত কোনো বাধা হয় না—শুধু বিষয়টি মন দিয়ে বুঝে নিতে হয়। পাশ্চাত্ত্য শিক্ষার্থীর তুলনায় তাঁদের অতিরিক্ত পরিশ্রম করতে হয় না।
দ্বিতীয় শ্রেণি: যাঁরা ইংরেজি জানেন এবং ইতিমধ্যে ইংরেজি ভাষায় কমবেশি বিজ্ঞান পড়েছেন। ইংরেজি পরিভাষা ও পদ্ধতির প্রতি এঁদের একটা পূর্ব-সংস্কার বা পক্ষপাত তৈরি হয়ে থাকে। তাই বাংলায় লেখা বৈজ্ঞানিক রচনা পড়ার সময় সেই পূর্ব-সংস্কার দমন করে, ভালোবেসে মাতৃভাষার পদ্ধতি নতুন করে আয়ত্ত করতে তাঁদের একটু বেশি চেষ্টা করতে হয়।
৬.২ “তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।” লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও।
উত্তর :প্রাবন্ধিক শ্রীপান্থ তাঁর ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনায় ছেলেবেলার লেখালেখির যে সহজ, গ্রামীণ আয়োজনের কথা বলেছেন, তা ছিল সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি।
লেখা ও তাঁর সহপাঠীরা রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানাতেন; বড়োরা কলমের মুখ সরু করে চিরে দেওয়ার কৌশল শিখিয়ে দিতেন, যাতে কালি ঠিকমতো চুঁইয়ে পড়ে। কাগজের বদলে লেখার জন্য ব্যবহার করতেন কলাপাতা, কাগজের আকারে কেটে নিয়ে।
কালি তৈরি হত ঘরেই—কড়াইয়ের তলায় জমে থাকা কালো ঝুল লাউপাতা দিয়ে ঘষে সংগ্রহ করে জলে গোলা হত। তাতে কখনও হরীতকী, কখনও-বা পোড়া আতপ চালের গুঁড়ো মেশানো হত। এরপর আগুনে লাল-টকটকে করে গরম করা খুন্তি সেই জলে ডুবিয়ে দেওয়া হত, যা টগবগ করে ফুটে উঠত। শেষে ন্যাকড়ায় ছেঁকে সেই কালি রাখা হত মাটির দোয়াতে।
বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা—এই সাদামাটা অথচ সৃজনশীল উপকরণ নিয়েই ছিল লেখকের প্রথম লেখালেখির আয়োজন।
৭। কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 8
৭.১ “বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন। – “সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন?
উত্তর : শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা এই সাহায্যের আবেদন জানিয়েছিলেন তাঁর সভাসদ রাজবল্লভ, জগৎশেঠ ও মীরজাফর প্রমুখের কাছে।
মীরজাফর, জগৎশেঠরা ছিলেন সিরাজের বিরোধী—তাঁরা মনে করতেন নবাব তাঁদের অপমান করেছেন। ওয়াটসের চিঠি থেকে সিরাজ স্পষ্ট বুঝতে পারেন যে, এই ক্ষমতাবান সভাসদরা স্বার্থপরতাবশত তাঁর বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে চক্রান্তে লিপ্ত। তবু দেশের এই দুর্দিনে সিরাজ সমস্ত পুরোনো বিবাদ-বিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকাটাই বেশি জরুরি মনে করেন। তাঁর কথায়—“আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন!” তাই বাংলার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার এই সংকটকালে কেউ যেন তাঁকে ত্যাগ না করে, সেই আকুল আবেদন নিয়েই সিরাজ শক্তি ও বুদ্ধি দিয়ে সাহায্যের জন্য সকলের কাছে অনুনয় করেছিলেন, এমনকি যুদ্ধশেষে নিজে বিচারের মুখোমুখি দাঁড়াতেও রাজি হয়েছিলেন।
৭.২ “এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।” বস্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী?
উত্তর : শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে দরবার ত্যাগ করতে বলেছিলেন।
সিরাজ মসনদে বসার পর থেকেই ইংরেজরা তাঁর অন্য শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বিব্রত করে তুলছিল। সহ্যের সীমা ছাড়ালে সিরাজ কলকাতা আক্রমণ করে জয়ী হন এবং তার নাম রাখেন আলিনগর। কিছুদিন পরে ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে আলিনগরের সন্ধি করে, আর সেই সন্ধির শর্ত রক্ষার নামে কোম্পানি নবাবের দরবারে ওয়াটসকে নিয়োগ করে।
দরবারে থেকে ওয়াটস গোপনে সভাসদদের নবাবের বিরুদ্ধে উসকানি দিতেন এবং কলকাতায় ইংরেজদের নবাবের আদেশ অমান্য করতে উৎসাহ জোগাতেন। প্রমাণস্বরূপ নবাব দরবারে ওয়াটসের লেখা চিঠি পেশ করান, যাতে ষড়যন্ত্রের ছবি স্পষ্ট হয়ে ওঠে। ওয়াটস তখন ঔদ্ধত্যের সঙ্গে বলেন, “Punish me”, “I have only done my duty”—এই ঔদ্ধত্যপূর্ণ, অনুতাপহীন জবাবেই ক্রুদ্ধ নবাব সিরাজ ওয়াটসকে তৎক্ষণাৎ দরবার ত্যাগ করার নির্দেশ দেন।
৮। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (২×৫)=১০
৮.১ ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৫
উত্তর : মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ (ক্ষিদ্দা) কোনির জীবনে এক ব্যতিক্রমী প্রেরণাদাতার ভূমিকা পালন করেছেন। বস্তির দরিদ্র পরিবারের মেয়ে কোনির মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনে নিয়ে, তাকে কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে তোলার দায়িত্ব নেন ক্ষিতীশ।
নিজের সংসারে অভাব থাকা সত্ত্বেও তিনি কোনির খাওয়া-দাওয়া, থাকা ও প্রশিক্ষণের সমস্ত দায়িত্ব বহন করেন, শুধুমাত্র একজন যোগ্য জাতীয়স্তরের সাঁতারু তৈরি করার লক্ষ্যে—নিজের লাভের জন্য নয়। কোনির শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর জন্য ক্ষিদ্দা অত্যন্ত কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। ক্লান্ত হয়ে পড়লেও তিনি কোনিকে অনুশীলন থেকে রেহাই দিতেন না। প্রয়োজনমতো শাসন করতেন, আবার তার প্রতি গভীর স্নেহও দেখাতেন।কঠোর অনুশীলন করাতে গিয়ে কোনিকে তিনি কখনও চিড়িয়াখানায় কুমির দেখিয়ে ভয় জয় করতে শিখিয়েছেন, এমনকি খাবারের লোভ দেখিয়ে সাঁতার কাটানোর মতো কঠোর, প্রায় নিষ্ঠুর পদ্ধতিও প্রয়োগ করেছেন। অথচ কোনি ঘুমিয়ে পড়লে স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দিতেন তিনিই।
জুপিটার ক্লাবের চক্রান্ত, লীলাবতীর প্রতি অবিচার, আর্থিক টানাপোড়েন—সব প্রতিকূলতা সত্ত্বেও ক্ষিতীশ কোনির প্রতি বিশ্বাস হারাননি। জাতীয় প্রতিযোগিতায় কোনি নিজেকে প্রমাণ করার পর তাঁর চোখে আনন্দাশ্রু ঝরে পড়ে—এই দৃশ্যই প্রমাণ করে, ক্ষিদ্দা শুধু প্রশিক্ষক নন, কোনির জীবনের প্রকৃত পথপ্রদর্শক ও প্রেরণার উৎস।
৮.২ “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।” কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল, তা লেখো। ৫
উত্তর : মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসে বস্তির মেয়ে কোনির সাঁতার শেখা শুরু হয় গঙ্গায়। সেখান থেকে বাংলা সাঁতার দলে জায়গা করে নেওয়ার পথ মোটেই সহজ ছিল না। দারিদ্র্য ও অশিক্ষার কারণে তথাকথিত শিক্ষিত, সভ্য সমাজের কাছে তাকে বারবার হেনস্থা হতে হয়েছে; ক্ষিতীশ সিংহের ছাত্রী হওয়ার কারণে ক্লাবের সংকীর্ণ রাজনীতি ও চক্রান্তেরও শিকার হতে হয়েছে তাকে।
কোনির নাম প্রথম বাংলা দলে প্রস্তাব করেন কোনির প্রধান প্রতিদ্বন্দ্বী হিয়া মিত্রের প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাস, যদিও তিনি প্রতিপক্ষ শিবিরের প্রশিক্ষক। মাদ্রাজে নির্বাচনী সভায় তিনি বলেন, কনকচাঁপা পালকেও বাংলা দলে রাখতে হবে। কিন্তু জুপিটার ক্লাবের বিরোধিতায় এবং হরিচরণ, ধীরেন ঘোষ প্রমুখের গোপন চক্রান্তে তাকে দলে নিতে প্রথমে অস্বীকার করা হয়—এমনকি আগের প্রতিযোগিতায় কোনিকে ডিসকোয়ালিফাই করে ও প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বলে ঘোষণা করার মতো অন্যায়ও করা হয়েছিল। তবে প্রণবেন্দুবাবু বুঝেছিলেন, মহারাষ্ট্রের রমা যোশিকে হারানোর ক্ষমতা একমাত্র কোনিরই আছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনিকে বাদ দিলে বালিগঞ্জ সুইমিং ক্লাবকেই বাদ দিয়ে দল গঠন করতে হবে। শেষে ধীরেন ঘোষ বুঝলেন একটি মেয়ের জন্য এত জটিলতার চেয়ে তাকে দলে নেওয়াই ভালো।
এইভাবে নানা বাধা, চক্রান্ত ও প্রতিকূলতা পেরিয়ে প্রণবেন্দু বিশ্বাসের ন্যায্য সমর্থনের হাত ধরেই অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা করে নেয়।
৮.৩ “ঘাটে থই থই ভিড়।” কোন্ ঘাটে ‘থই থই ভিড়’? ভিড়ের কারণ কী? এই ভিড়ের বর্ণনা দাও। ১+১+৩
উত্তর : মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসের শুরুতে গঙ্গার ঘাটের ভিড়ের কথা বলা হয়েছে।
এই ভিড়ের কারণ ‘বারুণী’—শতভিষা নক্ষত্রযুক্ত কৃষ্ণচতুর্দশী তিথিতে পালিত এক পুণ্যস্নানের পর্ব। এই দিনে গঙ্গায় স্নান করে পুণ্যার্জনের পাশাপাশি গঙ্গাদেবীর উদ্দেশে কাঁচা আম নিবেদনের রীতি প্রচলিত আছে।
ঘাটে সেদিন বয়স্ক মানুষদেরই ভিড় বেশি। তাঁরা ডুব দিয়ে ওঠার সময় মাথার ওপর ধরে রাখা সদ্য পাওয়া কাঁচা আম গঙ্গায় ফেলে দিচ্ছিলেন—কেউ দূরে ছুঁড়ে, কেউ ভাসিয়ে। সেই ভেসে যাওয়া আম সংগ্রহের লোভে চোদ্দো-পনেরো বছরের কিছু ছেলে জলে দাঁড়িয়ে বা সাঁতরে আম কুড়োচ্ছিল। একটা আম ভেসে গেলেই তিন-চারজন একসঙ্গে তার পিছনে ছুটত, একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার প্রাণান্তকর প্রতিযোগিতা চলত তাদের মধ্যে। আম পেলে তারা পকেটে ভরে রাখত, পরে সস্তায় বাজারে বিক্রি করার জন্য।
এইভাবে পুণ্যার্জনের ধর্মীয় আচার, বয়স্কদের ভিড়, আর ছেলেদের আম কুড়োনোর প্রাণচঞ্চল হইচই মিলিয়ে গঙ্গার ঘাট সেদিন হয়ে উঠেছিল থই থই কোলাহলে মুখর।
৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
It is very difficult to get rid of bad habits. So, we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent.
উত্তর : কুঅভ্যাস দূর করা খুব কঠিন কাজ। তাই শৈশবেই আমাদের যাতে কোনো কুঅভ্যাসে অভ্যস্ত না হয়ে পড়ি, সেদিকে খুব সতর্ক থাকা উচিত। অলসতা তেমনই একটি কুঅভ্যাস। প্রত্যেক ছেলেমেয়েরই পরিশ্রমী হওয়া উচিত।
১০। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১×৫)=৫
১০.১ প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ৫
উত্তর : প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ–
রাজ: কী রে সোমা, হাতে ওই প্লাস্টিকের ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিস দেখছি! জানিস না, প্লাস্টিক পরিবেশের কতটা ক্ষতি করে?
সোমা: জানি বইকি! কিন্তু কী করব বল, দোকানদাররাই তো প্লাস্টিকের ব্যাগ ধরিয়ে দেয়। কাপড়ের ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম আজ।
রাজ: সেটাই তো সমস্যা। প্লাস্টিক মাটিতে মিশতে শত শত বছর সময় নেয়। নালা-নর্দমা বুজিয়ে জল জমার কারণ হয়, মাটির উর্বরতা নষ্ট করে, এমনকি পশুপাখিরা খেয়ে ফেললে তাদের প্রাণ পর্যন্ত সংকটে পড়ে।
সোমা: ঠিক বলেছিস। খবরের কাগজেও পড়েছিলাম, সমুদ্রের মাছের পেটেও নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা ঘুরপথে আমাদের শরীরেও ঢুকছে।
রাজ: তাই তো বলছি, আমাদের সবারই উচিত প্লাস্টিকের বিকল্প ব্যবহার করা—কাপড়ের ব্যাগ, বাঁশ-বেতের ঝুড়ি, মাটির পাত্র। সরকারও তো একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছে।
সোমা: ঠিক আছে, আজ থেকেই আমি ব্যাগে সবসময় একটা কাপড়ের থলি রাখব। শুধু আইন করে নয়, নিজেদের সচেতনতা থেকেই এই অভ্যাস বদলাতে হবে, তাই না?
রাজ: একদম তাই। আর আশেপাশের মানুষদেরও এ বিষয়ে সচেতন করতে হবে, তবেই পরিবেশ বাঁচবে।
১০.২ ‘নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা’ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ৫
উত্তর : সেলফির নেশায় প্রাণহানি: ঝুঁকিপূর্ণ প্রবণতা বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে–
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ আগস্ট: * সামাজিক মাধ্যমে নিজেকে জাহির করার প্রবল প্রতিযোগিতায় মেতে উঠেছে আজকের তরুণ প্রজন্ম, আর তারই বলি হচ্ছে অসংখ্য তাজা প্রাণ। গতকাল বিকেলে হুগলি নদীর তীরে একটি জনপ্রিয় ঘাটে সেলফি তুলতে গিয়ে জলে পড়ে যান এক কলেজপড়ুয়া যুবক। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হলেও, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
সূত্রের খবর, খাড়া পাহাড়ের কিনারে, রেললাইনের ধারে, উঁচু বাড়ির ছাদে বা জলাশয়ের কাছাকাছি গিয়ে ঝুঁকিপূর্ণ ভঙ্গিতে সেলফি তোলার প্রবণতা দিন দিন বাড়ছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যমে অধিক লাইক বা শেয়ার পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তরুণ-তরুণীরা এই ধরনের ঝুঁকি নিতে দ্বিধা করছে না।
মনোবিজ্ঞানীরা এই প্রবণতাকে ‘সেলফি-আসক্তি’ বলে অভিহিত করছেন এবং অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে সন্তানদের সচেতন করার আহ্বান জানিয়েছেন। প্রশাসনও বিপজ্জনক স্থানগুলিতে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করছে। তবে প্রকৃত সমাধান নিহিত রয়েছে ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীলতার মধ্যেই—একটি মুহূর্তের ছবির লোভে জীবনের ঝুঁকি না নেওয়াই বিচক্ষণতার পরিচয়।
১১। কমবেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
১১.১ বর্তমান যুগ ও কুসংস্কার
উত্তর : বর্তমান যুগ ও কুসংস্কার–
ভূমিকা : বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। মানুষ আজ চাঁদে পা রেখেছে, মহাকাশে অভিযান চালাচ্ছে, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা আবিষ্কার করছে এবং বিজ্ঞানের সাহায্যে জীবনকে আরও সহজ করে তুলছে। তবু আশ্চর্যের বিষয়, আধুনিক সমাজে এখনও নানা ধরনের কুসংস্কার মানুষের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে চলেছে।
কুসংস্কারের পরিচয়: কুসংস্কার হল অযৌক্তিক বিশ্বাস ও প্রচলিত ধারণা, যার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ নেই। অশুভ বলে কালো বিড়ালকে পথের বাধা মনে করা, গ্রহণের সময় নানা অযৌক্তিক বিধিনিষেধ পালন করা, ভূত-প্রেতের ভয়, ঝাড়ফুঁক বা তুকতাকের ওপর অতিরিক্ত নির্ভর করা প্রভৃতি কুসংস্কারের উদাহরণ। অনেক সময় অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের কাছে না নিয়ে ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাওয়াও বিপজ্জনক কুসংস্কারের পরিচয়।
কুসংস্কারের কারণ: অশিক্ষা, দারিদ্র্য, অজ্ঞতা, ভয়, যুক্তিবোধের অভাব এবং পুরোনো প্রথার অন্ধ অনুসরণ কুসংস্কারের প্রধান কারণ। অনেক মানুষ কোনো ঘটনার প্রকৃত কারণ না জেনেই পূর্বপুরুষদের প্রচলিত বিশ্বাসকে সত্য বলে মেনে নেয়। স্বার্থান্বেষী কিছু মানুষও সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কুসংস্কারকে আরও ছড়িয়ে দেয়।
কুসংস্কারের কুফল : কুসংস্কার মানুষের চিন্তাশক্তিকে দুর্বল করে এবং সমাজের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এর ফলে মানুষ প্রতারণার শিকার হয়। চিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁকের ওপর নির্ভর করার কারণে অনেক সময় রোগীর জীবন বিপন্ন হয়। নারী, শিশু ও দুর্বল শ্রেণির মানুষ কুসংস্কারের কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হতে পারে। কুসংস্কার মানুষের মধ্যে ভয় ও বিভেদও সৃষ্টি করে।
প্রতিকারের উপায় : কুসংস্কার দূর করতে হলে সর্বপ্রথম শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিশুদের ছোটোবেলা থেকেই প্রশ্ন করতে, যুক্তি দিয়ে বিচার করতে এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখাতে হবে। বিজ্ঞানমনস্কতা ও সচেতনতা বাড়াতে হবে। সংবাদমাধ্যম, বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেও অন্ধবিশ্বাস থেকে দূরে থাকতে হবে।
উপসংহার : বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দের মতো মনীষীরা যে যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত করতে হলে আজকের প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ও মানবিক বিবেকই পারে সমাজকে কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে।
১১.২ বন ও বন্যপ্রাণ সংরক্ষণ
উত্তর : বন ও বন্যপ্রাণ সংরক্ষণ–
ভূমিকা:
পৃথিবীর প্রাণচক্র টিকিয়ে রাখার মূল ভিত্তি হল বনভূমি ও তার বুকে বসবাসকারী বন্যপ্রাণী। বন শুধু কাঠ, ফলমূল বা ওষধি গাছের ভাণ্ডার নয়—এটি অক্সিজেনের উৎস, জলবায়ুর নিয়ন্ত্রক এবং অগণিত প্রাণীর আবাসস্থল। কিন্তু নগরায়ন, শিল্পায়ন ও লোভের কারণে আজ এই অমূল্য সম্পদ ধ্বংসের মুখে দাঁড়িয়ে, যা সমগ্র বাস্তুতন্ত্রের ভারসাম্যকেই বিপন্ন করে তুলেছে।
বন ধ্বংসের কারণ:
নির্বিচারে বৃক্ষছেদন, চোরাশিকার, কৃষিজমি সম্প্রসারণ, খনি ও শিল্পের প্রসার, নগরায়নের চাপ এবং জলবায়ু পরিবর্তনজনিত দাবানল—এই সব কারণে প্রতিবছর বিপুল পরিমাণ বনভূমি নিশ্চিহ্ন হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাঘ, হাতি, গণ্ডার, চিতাবাঘের মতো বন্যপ্রাণীর ওপর—তাদের স্বাভাবিক বাসস্থান সংকুচিত হচ্ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, ফলে মানুষ-বন্যপ্রাণী সংঘাতও বাড়ছে।
বন ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব:
বন বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণে সাহায্য করে এবং নদীর জলপ্রবাহ বজায় রাখে। প্রতিটি প্রাণী প্রকৃতির খাদ্যশৃঙ্খলে নির্দিষ্ট ভূমিকা পালন করে—একটি প্রজাতি বিলুপ্ত হলে গোটা বাস্তুতন্ত্রই বিপর্যস্ত হয়ে পড়ে। তাই বন ও বন্যপ্রাণী রক্ষা আসলে মানবসভ্যতার নিজের অস্তিত্ব রক্ষারই সমার্থক।
সংরক্ষণের উপায়:
এই সংকট মোকাবিলায় প্রয়োজন বহুমুখী পদক্ষেপ। সরকারিভাবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও বাঘ প্রকল্পের মতো সংরক্ষিত এলাকা গড়ে তোলা, চোরাশিকার রোধে কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন জরুরি। পাশাপাশি ব্যাপক হারে বনসৃজন কর্মসূচি চালানো, স্থানীয় মানুষদের বনরক্ষার কাজে যুক্ত করে তাদের জীবিকার সংস্থান করা এবং ইকো-ট্যুরিজমের মাধ্যমে বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলা প্রয়োজন। বিদ্যালয় স্তর থেকেই পরিবেশ শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করাও সমান জরুরি।
উপসংহার:
বন ও বন্যপ্রাণ শুধু প্রকৃতির শোভাবর্ধনকারী উপাদান নয়, তারা মানবজীবনের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্মের জন্য একটি রুক্ষ, প্রাণহীন পৃথিবী রেখে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাই ব্যক্তিগত সচেতনতা, সামাজিক সহযোগিতা ও সরকারি উদ্যোগের সমন্বয়েই গড়ে উঠতে পারে বন ও বন্যপ্রাণ সংরক্ষণের এক সুদৃঢ় ভবিষ্যৎ, যেখানে প্রকৃতি ও মানুষ একসঙ্গে সমৃদ্ধ হবে।
১১.৩ বাংলার ঋতুবৈচিত্র্য
উত্তর : বাংলার ঋতুবৈচিত্র্য–
ভূমিকা: বাংলা প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের দেশ। বছরের বিভিন্ন সময়ে বাংলার প্রকৃতি নানা রূপে সেজে ওঠে। ছয়টি ঋতু—গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—পালাক্রমে বাংলার প্রকৃতিতে বৈচিত্র্য সৃষ্টি করে। এই ঋতুবৈচিত্র্য বাংলার সাহিত্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
গ্রীষ্ম:
গ্রীষ্মে সূর্যের তাপে প্রকৃতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠ-ঘাট শুকিয়ে যায়, পুকুরের জল কমে আসে। তবে এই ঋতুতেই আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি রসালো ফল পাওয়া যায়। কালবৈশাখীর ঝড় গ্রীষ্মের একটি বিশেষ বৈশিষ্ট্য।
বর্ষা:
বর্ষায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মুষলধারে বৃষ্টিতে নদী-নালা, পুকুর-খাল জলে ভরে ওঠে। শুকনো প্রকৃতি ফিরে পায় তার প্রাণ। মাঠে ধানের চারা রোপণ শুরু হয়। তবে অতিবৃষ্টির ফলে অনেক সময় বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়।
শরৎ ও হেমন্ত:
বর্ষার পরে আসে শরৎ। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা ও শিউলির সুবাস শরতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। শরতের পর হেমন্ত আসে। মাঠে পাকা ধানের সোনালি ঢেউ দেখা যায়। নবান্নের আনন্দে বাংলার গ্রামজীবন মুখরিত হয়ে ওঠে।
শীত:
শীতে বাংলার প্রকৃতি শান্ত ও কোমল রূপ ধারণ করে। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস এবং মিঠে রোদ শীতের বৈশিষ্ট্য। নানা ধরনের শাকসবজি ও খেজুরের রস এই ঋতুর বিশেষ আকর্ষণ।
বসন্ত:
ছয় ঋতুর শেষ ঋতু বসন্ত। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। গাছে গাছে নতুন পাতা, ফুলের সমারোহ এবং কোকিলের ডাক বসন্তকে করে তোলে অপরূপ। তাই বসন্তকে ঋতুরাজ বলা হয়।
উপসংহার:
বাংলার ছয় ঋতু শুধু প্রকৃতির রূপই পরিবর্তন করে না, মানুষের জীবন, কৃষিকাজ, উৎসব ও সংস্কৃতিকেও প্রভাবিত করে। এই বৈচিত্র্যই বাংলার প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। তাই বাংলার ঋতুবৈচিত্র্য আমাদের গর্ব ও আনন্দের বিষয়।
১১.৪ একটি পথের আত্মকথা
উত্তর : একটি পথের আত্মকথা–
ভূমিকা:
আমি একটি পুরোনো পথ। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার বিস্তার। কত মানুষ যে প্রতিদিন আমার বুকের ওপর দিয়ে চলাচল করে, তার হিসাব আমার জানা নেই। আমি কথা বলতে পারি না, কিন্তু আমার চোখের সামনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার স্মৃতি আজও আমার মনে জমে আছে।
আমার জন্ম ও শৈশব:
অনেক বছর আগে আমাকে তৈরি করা হয়েছিল। তখন আমার দুপাশে ছিল সবুজ মাঠ, পুকুর, গাছপালা আর ছোট ছোট মাটির বাড়ি। গ্রামের মানুষ হেঁটে, সাইকেলে কিংবা গরুর গাড়িতে আমার ওপর দিয়ে যাতায়াত করত। তখন আমার জীবন ছিল শান্ত ও নিরিবিলি।
পরিবর্তনের দিন:
সময়ের সঙ্গে সঙ্গে চারপাশ বদলে গেল। মাঠের জায়গায় বাড়ি উঠল, পুকুর ভরাট হল, দোকানপাট ও বাজার গড়ে উঠল। আমার বুক চওড়া করা হল এবং পিচ ঢালা হল। মানুষের সঙ্গে সঙ্গে বাস, ট্রাক, মোটরসাইকেল ও নানা যানবাহনও আমার ওপর দিয়ে ছুটতে লাগল।
আমার দেখা জীবন:
আমি দেখেছি স্কুলে যাওয়া ছোট ছোট ছেলেমেয়েদের, কর্মস্থলে ছুটে চলা মানুষদের, কৃষকের মাথায় ধানভরা বোঝা এবং পথের ধারে বসে থাকা অসহায় মানুষদের। আমার ওপর দিয়েই কেউ আনন্দের উৎসবে যায়, আবার কেউ শোকের যাত্রায়। কত মানুষের হাসি-কান্না, আশা-নিরাশা আমার চোখের সামনে দিয়ে চলে যায়।
আমার দুঃখ:
আজ আমি আর আগের মতো শান্ত নই। সারাদিন গাড়ির ধোঁয়া, হর্ন, ধুলা ও আবর্জনায় আমার পরিবেশ ভারী হয়ে ওঠে। কোথাও কোথাও মানুষ আমার ওপর আবর্জনা ফেলে। বর্ষাকালে গর্তে জল জমে পথচারীদের দুর্ভোগ হয়। কখনও দুর্ঘটনায় মানুষের মৃত্যু দেখেও আমাকে নীরব থাকতে হয়।
আমার আশা:
তবু আমি চাই মানুষ আমাকে পরিষ্কার রাখুক, নিয়ম মেনে চলুক এবং পথচারীদের নিরাপত্তার কথা ভাবুক। গাছপালা লাগিয়ে আমার দুপাশ সবুজ করে তুলুক। আমি তো মানুষেরই পথ—মানুষের সুখ-দুঃখের সঙ্গী।
উপসংহার:
আমার কোনো মুখ নেই, তবু আমি প্রতিদিন মানুষের গল্প বহন করে চলেছি। আমার বুকের ওপর দিয়ে মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তাই আমাকে যত্ন করো, নিরাপদ রাখো। তোমাদের পথ চলাই তো আমার জীবনের সার্থকতা।
